Last Updated:
ইথানল মিশ্রিত পেট্রল, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এবং টয়োটা সম্পর্কে অপপ্রচার চালানোর অভিযোগেইউটিউবার মণীশ কাশ্যপ-সহ চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এফআইআর।
ইথানল মিশ্রিত পেট্রল, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এবং গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ইউটিউবার মণীশ কাশ্যপ-সহ চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নাগপুর সাইবার পুলিশ। মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের নগর সভাপতি শিশির ত্রিপাঠীর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫২, ৩৫৬ ও ২৯৬ ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এফআইআরে মণীশ কাশ্যপের নাম রয়েছে। অভিযোগ, সম্প্রতি তিনি কয়েকটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, E20 পেট্রল ব্যবহারের কারণে তাঁর টয়োটা ইনোভা হাইক্রস গাড়িতে বিকল হয়ে পড়ার মতো সমস্যা দেখা দিয়েছে। যদিও সংস্থার তথ্য অনুযায়ী, ওই মডেলটি ২০ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের উপযোগী।
একটি ভিডিওতে গাড়ির জ্বালানি ব্যবস্থার বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করা নমুনা দেখান মণীশ। তাঁর দাবি ছিল, ওই নমুনায় অস্বাভাবিক মাত্রায় ইথানল এবং দৃশ্যমান দূষণের প্রমাণ মিলেছে। অন্য একটি ভিডিওতে গাড়ির জ্বালানি ট্যাঙ্ক খুলে দেখান তিনি। সেখানে মণীশ দাবি করেন, জ্বালানির কারণে গাড়ির ফুয়েল পাম্প এবং ফিল্টার অ্যাসেম্বলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাগপুর সাইবার পুলিশ।
দেশ জুড়ে ২০ শতাংশ ইথানল মিশ্রিত E20 পেট্রোল চালু হওয়ার পর মাইলেজ কমে যাওয়া এবং ইঞ্জিনের ক্ষতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরী। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “E20 নিয়ে ছড়ানো নানা আশঙ্কা ও গুজব বাস্তবতার সঙ্গে মিল নেই। তাঁর মতে, পরিবেশ রক্ষা এবং জ্বালানিতে আত্মনির্ভরতা অর্জনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ”।
বিশেষ করে পুরনো গাড়ির ইঞ্জিনে E20 ব্যবহারে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে— এমন আশঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে হারদীপ সিং পুরী বলেন, বাস্তবে এমন কোনও প্রমাণ মেলেনি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
