Last Updated:
Fake IAS Bride Scam: আইএএস অফিসার পরিচয় দিয়ে বিয়ে করেন এক মহিলা। অভিযোগ, ফুলশয্যার আগেই শ্বশুরবাড়ি থেকে ১ কোটিরও বেশি টাকার গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেন তিনি।
বেরেলি: উত্তরপ্রদেশের বেরেলি জেলায় আইএএস অফিসার পরিচয় দিয়ে এক যুবককে বিয়ে করে ফুলশয্যার রাতেই ১ কোটিরও বেশি টাকার গয়না, নগদ এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাধনা। তিনি প্রতিবেশী বদাউন জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সামাজিক মাধ্যমে নিজেকে ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS)-এর আধিকারিক পরিচয় দিয়ে ভুয়ো প্রোফাইল তৈরি করেছিলেন সাধনা। সেই সূত্রেই বেরেলির ফরিদপুর এলাকার পচোমি গ্রামের বাসিন্দা অভিষেকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। পাত্রপক্ষও ভবিষ্যৎ বধূ আইএএস অফিসার জেনে অত্যন্ত খুশি ছিল।
কিন্তু বিয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিযোগ, শ্বশুরবাড়িতে পৌঁছনোর পর নববধূকে সোনার, রুপোর ও হিরের গয়নাসহ একাধিক মূল্যবান উপহার দেওয়া হয়। সেই রাতেই, অভিষেক ঘুমিয়ে পড়ার পর সমস্ত গয়না, নগদ টাকা ও অন্যান্য দামি সামগ্রী নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান সাধনা। পরিবারের দাবি, চুরি যাওয়া সামগ্রীর মোট মূল্য ১ কোটিরও বেশি।
ঘটনার পর অভিষেক থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সাধনা, তাঁর বাবা এবং আরও দুই আত্মীয়ের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে পুলিশ।
তদন্তে নামে বেরেলি পুলিশের তিনটি বিশেষ দল। দ্রুত অভিযানে সাধনাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি, একই কায়দায় অন্য কোনও পরিবারকে প্রতারণার শিকার করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের দাবি, ধৃতকে আদালতে পেশ করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে। ভুয়ো আইএএস পরিচয় ব্যবহার করে বিয়ের নামে প্রতারণার এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Kolkata,West Bengal
