Last Updated:
PM Modi: বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সুগেই লাভরভের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সুগেই লাভরভের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে দুই দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী৷ পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই দুই বৈঠক কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্বের রাজনৈতিক মহল৷ ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ভারতের সঙ্গে জড়িত প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ।
ভারত ১৪ ও ১৫ মে ২০২৬-এ নয়াদিল্লিতে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এদিন এই সম্মেলনে অংশ নেওয়া ব্রিকস-গোষ্ঠীর অর্ন্তভুক্ত অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী৷
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সংঘাতে সরাসরি জড়িয়েছে আমেরিকা৷ এদিন ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আব্বাস আরাঘচি আমেরিকার ক্রমাগত চাপ ও জবরদস্তিমূলক নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এই ঘরে উপস্থিত অনেক দেশের কাছেই অপরিচিত নয়। আমরা অনেকেই একই ধরনের অগ্রহণযোগ্য চাপ ও জবরদস্তির মুখোমুখি হচ্ছি।”
তিনি ব্রিকসভুক্ত দেশগুলিকে একযোগে এই ধরনের নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, এখন সদস্য দেশগুলি আগের যেকোনও সময়ের তুলনায় আরও বেশি কাছাকাছি এসেছে। আরাঘচি বলেন, “এখনই সময় আমাদের একসঙ্গে উঠে দাঁড়ানোর এবং স্পষ্ট করে দেওয়ার যে এই ধরনের আচরণের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে।”
পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রসঙ্গ তুলে ইরানের বিদেশমন্ত্রী সতর্ক করেন যে, কিছু দেশ নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ‘বেপরোয়া অভিযান’ চালালেও শেষ পর্যন্ত সেই অস্থিরতা সবার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তিনি বলেন, “যারা বেপরোয়া পদক্ষেপ নিচ্ছে তারা হয়তো মনে করছে এতে তাদের কৌশলগত স্বার্থ রক্ষা হচ্ছে। কিন্তু এখন বিশ্বের সাধারণ মানুষ এবং সরকারগুলি বুঝতে পারছে যে আঞ্চলিক অস্থিরতা শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতির, এমনকি আগ্রাসীদের জন্যও।” আরও এক তীব্র মন্তব্যে আরাঘচি বলেন, ইতিহাস প্রমাণ করেছে যে পতনের মুখে থাকা শক্তিধর সাম্রাজ্য নিজেদের প্রভাব ধরে রাখতে মরিয়া পদক্ষেপ নিতেও দ্বিধা করে না।
Kolkata,West Bengal
