Last Updated:
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য পরিবহণ সম্প্রসারণ এবং কৃষকদের, ব্যবসায়ীদের এবং ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য ও লাভজনক লজিস্টিক সমাধানের সুবিধার্থে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করা যায় যে, এই ধরনের পদক্ষেপগুলি রেলওয়ের মাধ্যমে পণ্য পরিবহণকে আরও উৎসাহিত করার পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক বিকাশ ও দীর্ঘস্থায়ী পণ্য পরিবহণে অবদান রাখবে।
আবীর ঘোষাল, কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত তুফানগঞ্জ স্টেশন থেকে উত্তরাখণ্ডের রুদ্রপুর সিটি স্টেশন পর্যন্ত ভুট্টার প্রথম লোডিং সফলভাবে প্রেরণ করার মাধ্যমে, পণ্য পরিবহণের ক্ষেত্রে আরও একটি নতুন মাইলফলক অর্জন করেছে।
তুফানগঞ্জ স্টেশন থেকে রুদ্রপুর সিটি স্টেশন পর্যন্ত পরিবহণের উদ্দেশ্যে মোট ১৩১০.৪ টন ভুট্টা লোড করা হয়। এর দ্বারা ৩০,২০,৯৪৪ টাকা পণ্য পরিবহণ রাজস্ব আয় হয়েছে।
মে ২০২৬-এ, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত স্টেশনগুলি থেকে ভুট্টার লোডিং-এ উল্লেখযোগ্য বৃদ্ধির রেকর্ড করেছে, যার ফলে পণ্য পরিবহণ শক্তিশালী হয়েছে এবং রাজস্ব আয়েও উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১৫ মে ২০২৬ তারিখে তুফানগঞ্জ স্টেশন থেকে নর্দার্ন রেলওয়ের ভাটিন্দার জন্য ভুট্টার একটি রেক লোড করা হয়। পরবর্তীকালে, ২১ মে ২০২৬ তারিখে তুফানগঞ্জ থেকে নর্দার্ন রেলওয়ের খেমকরণের জন্য ভুট্টার আরেকটি রেক পাঠানো হয়। এছাড়াও, ২৬ মে ২০২৬ তারিখে ফালাকাটা স্টেশন থেকে খড়গপুরের জন্য একটি ভুট্টার রেক রওনা হয়। তিনটি রেকের চলাচলের ফলে সম্মিলিতভাবে প্রায় ৯০.১৯ লক্ষ টাকার পণ্য পরিবহণে রাজস্ব আয় করা সম্ভব হয়েছে।
পণ্য পরিবহণের এই নতুন উদ্যোগের সফল বাস্তবায়ন, কৃষি পণ্য সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী এবং আন্তঃরাজ্য বাণিজ্য সংযোগ বৃদ্ধি করতে রেলওয়ের ধারাবাহিক প্রচেষ্টাকে তুলে ধরে। এটি কৃষি পণ্যের পরিবহণের ক্ষেত্রে রেলওয়েকে একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব মাধ্যম হিসেবে তুলে ধরার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের নিরবচ্ছিন্ন প্রচেষ্টাকেও প্রতিফলিত করে।
Kolkata,West Bengal
