নয়াদিল্লি : ফের টালমাটাল অবস্থা মহারাষ্ট্রের রাজনীতিতে। শিবসেনা উদ্ধব ঠাকরে শিবিরে ভাঙনের জল্পনার আবহে তীব্র আক্রমণ শানালেন দলের সাংসদ সঞ্জয় রাউত। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তাঁদের বিরুদ্ধে তুললেন ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ। বিদ্রোহী সাংসদদের সতর্ক করে দিয়ে সঞ্জয় বলেন, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, জনগণের কাছে তাঁদের জবাবদিহি করতে হবে।
রিপোর্ট অনুযায়ী, শিবসেনা UBT-র একাধিক সাংসদ একনাথ শিণ্ডে নেতৃত্বাধীন শিবসেনা শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। যার জেরে ঠাকরে শিবিরে নতুন করে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সাংবাদিক বৈঠক করে সরব হলেন সঞ্জয়।
যেসব জনপ্রতিনিধি শিবির বদলের চেষ্টা করছেন, তাঁদের একহাত নিয়ে তিনি বলেন, “উদ্ধব ঠাকরে আমাদের ভাইয়ের মতো মনে করেন, বাবাসাহেব আমাদের বাবার মতো ভালবাসতেন। এই মানুষগুলো যারা ছেড়ে চলে যাচ্ছেন, তাঁরা অসৎ। ওঁদের রক্তেই প্রতারণা আছে।” বিদ্রোহীদের বিরুদ্ধে নিশানা শানালেও, কোনও সাংসদ বা রাজনৈতিক দলের নাম নেননি সঞ্জয়। এমনকী তিনি এমন অভিযোগও করেন যে, কিছু নেতা ব্যক্তিগত লাভের জন্য দলকে ছেড়ে যেতেও ইচ্ছুক। এই নেতারা দল এবং ভোটার উভয়পক্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বলে নিশানা শানান তিনি। কারণ, এই বিদ্রোহী নেতারা শিবসেনা UBT-র প্রতীকে জিতে এসেছেন। সঞ্জয় সতর্ক করে দিয়ে বলেন, “আমাদের কাছে শিবসেনা শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়। এটা আমাদের আদর্শ এবং পরিচিতি। যে-ই দলের সঙ্গে প্রতারণা করবে তাঁকেই মানুষের কাছে জবাব দিতে হবে।”
রাউত আরও গুরুতর অভিযোগ করেছেন যে, সাংসদদের দলত্যাগে প্ররোচিত করার লক্ষ্যে আর্থিক প্রলোভন দেখানোর চেষ্টা চলছে। তিনি দাবি করেন যে, বিপুল অর্থের বিনিময়ে নেতাদের অবস্থান পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে; তবে এই অভিযোগের সপক্ষে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি। এই পরিস্থিতিতে শীঘ্রই দলের সংসদীয় কমিটির বৈঠক হবে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সঞ্জয়। সেই বৈঠকে সব সাংসদকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকের পরই দল পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত বলে জানান তিনি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সকলের নজর এখন, বিদ্রোহী সাংসদরা এখন কী অবস্থান নেন এবং তার পরবর্তী সময়ে উদ্ধব ঠাকরে শিবির কী ব্যবস্থা নেয়। Maharashtra News
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান