কলকাতা: পুলিশদের মার, লাঠিচার্জ… আর তার সামনে বুক চিতিয়ে লড়াই তরুণ প্রজন্মের। ছাত্র আন্দোলনে গায়ে কাঁটা দেওয়ার মতো একের পর এক ছবি প্রকাশ্যে আসছে। কোথাও দুহাত দিয়ে কোনও ছাত্রী আগলে রেখেছে আরও অনেক ছাত্রছাত্রীকে, কোথাও আবার পুরুষ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এক ছাত্রীকে। আর এই সমস্ত ছবি যেন ছাত্রসমাজের কাছে অগ্নিতে ঘৃতাহুতি করছে। সোশ্যাল মিডিয়ার জুগে, ছবি ছড়িয়ে পড়ে ঝড়ের মতোই, আর কাজ করে দাবানলের। দিল্লির ছাত্র অভিযানের যে ছবি ভাইরাল হচ্ছে, তার মধ্যে অন্যতম একটি মেয়ের ছবি। একা পুলিশের বাসের সামনে দাঁড়িয়ে। এক হাত দিয়ে থামিয়ে দিয়েছে একটা পুলিশের বাস! ছবিটি দিল্লির নয়, মুম্বইয়ের। প্রতিবাদের আঁচ যখন দিল্লি ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে মুম্বই, বিহার এমনকি পশ্চিমবঙ্গেও, তখন মায়ানগরীর এই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে।
পুলিশ ভ্যানের সামনে একা দাঁড়িয়ে প্রতিবাদ তরুণীর, কী তাঁর পরিচয়?
সোশ্যাল মিডিয়ায় পুলিশ ভ্যানের সামনে একা দাঁড়ানো যে তরুণীর ছবি ছড়িয়ে পড়েছে তাঁর পরণে হুডি, টুপি। স্পষ্ট নয় মুখ। প্রতক্ষ্যদর্শীরা বলছেন, পুলিশ বারে বারে চেষ্টা করছিল ওই তরুণীকে, কিন্তু তিনি অনড়। পুলিশ ভ্যানে যে সমস্ত ছাত্রছাত্রীদের তুলে নেওয়া হয়েছিল, তাঁদের যতক্ষণ না মুক্তি দেওয়া হল, পুলিশ ভ্যানের সামনে একা, বুক চিতিয়ে দাঁড়িয়ে রইলেন তরুণী। আর তারপর থেকেই যেন, আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর ছবি, আর অনেকেই প্রশ্ন করছেন, কে তিনি? পুলিশ ভ্যানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন যে তরুণী, তাঁর নাম, রিয়া অধির। পেশায় তিনি একজন অভিনেত্রী, মডেল। চিরকালই বর্তমান সামাজিক অবস্থা থেকে শুরু করে রাজনৈতিক বিষয়, কখনও নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে তুলে ধরতে পিছপা হন না রিয়া। অভিনয়ের পাশাপাশি একটি পোশাকের ব্যবসা ও চালান রিয়া। অভিনয়ের পাশাপাশি, নাচ করতেও ভালবাসেন রিয়া। তবে এর মধ্যে কোনোটাই তাঁর ভাইরাল হওয়ার কারণ নয়। দাদরের কোহিনুর স্কোয়ারে যে সাহসীকতার পরিচয় তিনি দিয়েছেন, সেই কারণেই তিনি প্রশংসিত হচ্ছেন গোটা দেশে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিজের দাবি থেকে একচুল ও নড়েননি রিয়া। পুলিশেরা প্রথমে ধমকে, ভয় দেখিয়ে এবং শেষে রীতিমতো অনুনয় বিনয় করেন তাঁকে সরে যাওয়ার জন্য। কিন্তু নিজের বক্তব্যে অনড় ছিলেন রিয়া। পড়ুয়াদের এখনই মুক্তি দিতে হবে, পরে নয়। সেই দাবি না মানা পর্যন্ত, নিজের জায়গা থেকে নড়ানো গেল না তাঁকে। রিয়াকে কুর্ণিশ করছে গোটা দেশ।