- অনুষ্কা শর্মাকে প্রচারমূলক ভিডিওতে দেখে অনুরাগীরা অবাক।
- অভিনেত্রীর চেহারা বদলে যাওয়ায় অনেকে চিনতে পারছেন না।
- সম্প্রতি বিরাট-অনুষ্কা বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দর্শন করেন।
কলকাতা: দীর্ঘদিন তিনি রুপোলি পর্দা থেকে দূরে, কাজ থেকে সরে গিয়েছেন কার্যত নিজের ইচ্ছাতেই। তিনি অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁকে আগামীতে দেখা যাওয়ার কথা, ঝুলন গোস্বামীর বায়োপিক, ‘চাকদা এক্সপ্রেস’-এ। শোনা যাচ্ছে, সেই সিনেমার শ্যুটিংও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু সেই সিনেমার মুক্তি এখনও বিশ বাঁও জলে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কবে অনুষ্কাকে পর্দায় ফের দেখা যাবে। অবশেষে, প্রকাশ্যে এলেন অনুষ্কা, কিন্তু তাতেও ছন্দপতন! একটি প্রচারমূলক ভিডিওতে, সদ্য দেখা গিয়েছে অনুষ্কাকে। কিন্তু অভিনেত্রীকে দেখে চিনতেই পারলেন না অনুরাগীরা! কেন এতটা বদলে গেলেন অভিনেত্রী?
দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে অনুষ্কা শর্মা, কিন্তু নায়িকাকে দেখেই অবাক অনুরাগীরা!
সদ্যই যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে অনুষ্কাকে দেখে, বেশ অবাকই হয়েছেন সবাই। অনুরাগীরা অনেকেই বলছেন, বেশ অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রীর চেহারা। কার্যত নাকি চেনাই যাচ্ছে না তাঁকে। একজন বলছেন, ‘গোটা ছবিটা এডিট করা হয়েছে নাকি অনুষ্কা নিজের মুখে কিছু করেছেন?’ একজন বলছেন, ‘অনুষ্কার মুখটা ভীষণভাবে বদলে গিয়েছে। বয়স নাকি উনি মুখে কিছু করিয়েছেন?’ অনেকেরই অভিযোগ, অভিনেত্রীকে একেবারেই চেনা যাচ্ছে না। তবে অনেকে অভিনেত্রীর প্রশংসাও করেছেন। একটি সবুজ শাড়ি পরেছেন অনুষ্কা। একজন আবার লিখেছেন, ‘শাড়ি পরে আপনাকে অপূর্ব দেখাচ্ছে..’। প্রসঙ্গত, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও, অভিনেত্রী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
সদ্যই প্রেমানন্দ মহারাজের দর্শনে বিরাট-অনুষ্কা
সদ্যই, অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) আর অনুষ্কা শর্মা। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার প্রেমানন্দ মহারাজের স্মরণ নিয়েছেন বিরাট আর অনুষ্কা। তাঁরা একাধিকবার জানিয়েছেন, এখানে গিয়ে তাঁরা শান্তি পান। আর আজ প্রথমবার বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন বিরাট ও অনুষ্কা। অন্য সময়ে বিরাট বা অনুষ্কা ছবিশিকারীদের ছবি না তুলতে অনুরোধ করেন। তবে এদিন তাঁরা বারণ করেননি ছবি তুলতে। এই ছবিতেই দেখা যায়, অনুষ্কার ব্যাগ বইছেন বিরাট। অনেক নেটাগরিক খুনসুটি করে লিখেছেন, অনুষ্কার মান ভাঙাতেই বিরাটেই এই পদক্ষেপ। সদ্যই এক মডেলের ছবিতে বিরাট কোহলির লাইক দেওয়া নিয়ে শুরু হয়েছিল বিতর্ক, সেই কারণেই অনুরাগীরা এইরকম সব মন্তব্য করেছেন। তবে এদিন প্রেমানন্দ মহারাজের কাছে গিয়ে দর্শন করেন বিরাট ও অনুষ্কা।