হরমুজ প্রণালীতে দু’টি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অথচ সম্প্রতি এই জলপথে হামলা চালানো বন্ধ রাখতে সম্মত হয়েছিল ইরান। মউ স্বাক্ষর হয়েছে আমেরিকার সঙ্গে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। এই পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আমেরিকার সাংসদ। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষযাত্রায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের করা মন্তব্য ভাইরাল হওয়ার পর নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই আবহে এক্স হ্যান্ডেলে মার্কিন সেনেটর রিক স্কট ইসলামাবাদের ভূমিকা নিয়ে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, এসবের মাঝে পাকিস্তান আসলে কারা তা মনে রাখা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় স্কট লিখেছেন, “আমরা এমন একটি দেশের কথা বলছি যেখানে বিন লাদেন এক দশক ধরে আত্মগোপন করে ছিল, যেখানে খ্রিস্টানদের নিগ্রহের উদ্দেশে ধর্ম অবমাননা বিষয়ক বৈষম্যমূলক আইনগুলো বেছে বেছে প্রয়োগ করা হয় এবং যেখানে প্রধানমন্ত্রী সম্প্রতি ইরানের সেই স্বৈরাচারী শাসকের প্রশংসা করেছেন, যিনি গণহত্যা ও ব্যাপক হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন।”
নিহত ইরানি সর্বোচ্চ নেতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শরিফের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ফ্লোরিডার সেনেটর ‘এক্স’ (X)-এ এই মন্তব্য করেন। ভিডিও অনুযায়ী, শরিফ খামেনেইকে একজন “মহান পণ্ডিত ও নেতা” হিসেবে অভিহিত করেন।
ওই ভিডিও ক্লিপে শরিফকে বলতে শোনা যায়, “উনি ছিলেন এক মহান পণ্ডিত ও নেতা, যিনি অদম্য মনোবল, সাহস, ধৈর্য ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত নিষ্ঠা ও অবিচল অঙ্গীকারের সঙ্গে ইরানের সেবা করেছেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান তাঁকে স্মরণ করবেন। পাকিস্তান ও ইরান দু’টি ভ্রাতৃপ্রতিম দেশ এবং আমাদের হৃদস্পন্দন এক। আমরা সব পরিস্থিতিতেই একে অপরের পাশে দাঁড়াব এবং একত্রে এগিয়ে যাব।”
যুদ্ধ মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা নিয়ে মার্কিন সাংসদদের উদ্বেগ প্রকাশের ঘটনা এটাই প্রথম নয়। ট্রাম্পের ঘনিষ্ঠ সেনেটর লিন্ডসে গ্রাহামও সোশ্যাল মিডিয়া এবং কংগ্রেসে এ বিষয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক্স-এ এক পোস্টে গ্রাহাম লিখেছিলেন, “বেশ কিছুদিন ধরেই আমার কাছে এটি স্পষ্ট যে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত সমস্যাপূর্ণ। ইজরায়েলের প্রতি তাদের বৈরিতা দীর্ঘদিনের। এটি অনস্বীকার্য যে পাকিস্তানের বিমানঘাঁটিগুলিতে ইরানের সামরিক বিমান রাখা হচ্ছে এবং ইজরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অতীতের বক্তব্য উদ্বেগজনক।”
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর