Last Updated:
TMC: প্রতীক থেকে সম্পত্তি? কাদের দখলে যাবে? কারা আসল তৃণমূল? কী ভাবে নিশ্চিত করা হবে এই প্রশ্নের উত্তর? সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন…
নয়াদিল্লি: কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত শিবির, জোড়াফুলের প্রতীক থাকবে কাদের হাতে? কারা আসল তৃণমূল কংগ্রেস? একুশে জুলাইয়ের আগে এই নিয়ে টানটান উত্তেজনা দুই শিবিরেই। আত্মপক্ষ সমর্থনে যাবতীয় নথি ইতিমধ্যেই দফায় দফায় গিয়ে দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনকে দিয়ে এসেছে দুই শিবির। এবার উত্তরের অপেক্ষা।
আজ এই নিয়ে কি জানাল জাতীয় নির্বাচন কমিশন? দিল্লিতে শুক্রবার কমিশনের তরফে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে। কারা আসল তৃণমূল তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে আইন মেনেই। এমনটাই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে এই নিয়ে সব পক্ষের কাগজ যাচাই করে, শুনানির পর হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রসঙ্গত, দলের নাম, সম্পত্তি এবং প্রতীকের আসল দাবিদার কে? মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী অর্থাৎ আদি তৃণমূলের, নাকি ঋতব্রতপন্থী অর্থাৎ নব তৃণমূলের? কার হাতে থাকবে অধিকার? ঋতব্রতদের আবেদন পাওয়ার পরে দু’পক্ষের কাছ থেকেই তাঁদের যুক্তি জানতে চেয়েছিল কমিশন৷ এই সংক্রান্ত চিঠি জমা দেওয়া হয় কালীঘাট তৃণমূলের তরফে৷ কিন্তু, নিজেদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য আরও ১৫ দিন সময় চায় ঋতব্রতপন্থী তৃণমূল। এরপরেই, মমতা শিবিরের তরফে মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ সাংবাদিক বৈঠক করে দাবি করেন, ঋতব্রতদের আর অতিরিক্ত সময় দেওয়া নয়, বরং মমতাপন্থীদের চিঠিই গ্রহণ করুক জাতীয় নির্বাচন কমিশন৷ যদিও, পরে কমিশনের তরফে মমতা তৃণমূল গোষ্ঠীকে জানানো হয়, ঋতব্রত গোষ্টীকে নিজের বক্তব্য জানাতে আরও ১৫ দিন সময় দেওয়া হয়েছে৷ এর পরই ক্ষোভ প্রকাশ করে মমতা তৃণমূল গোষ্ঠী। নির্বাচন সদন কার্যত বিজেপি দফতরে পরিণত হয়েছে – বলে কটাক্ষ মমতা তৃণমূলের৷
বিধানসভা ভোট বিপর্যয় ও তার পর পরই ঋতব্রত শিবিরের উত্থানে আসল তৃণমূল কে, এই নিয়ে প্রশ্ন উঠেছে বার বার ৷ এই বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “এখানে আমরা যারা আছি, কেউ ব্যক্তি নই ৷ আমাদের লড়াই ইন্ডিভিজুয়্যাল কাল্টের বিরুদ্ধে ৷ তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গিয়েছিল ৷ যে পার্টি একটা কর্পোরেট কোম্পানিতে পরিণত হয়েছিল ৷ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল ৷ আমরা যারা এখানে জড়ো হয়েছি, তাদের সবার লড়াই ইনডিভিজ্যুয়াল কাল্টের বিরুদ্ধ কালেক্টিভের লড়াই ৷” যদিও এখন বল কমিশনের কোর্টে। ‘কে বা কারা আসল?’– লাখটাকার এই প্রশ্নের উত্তর খুব শিগগিরই দিতে চলেছে দেশের নির্বাচন কমিশন।
Kolkata,West Bengal
