Last Updated:
Ketan Agarwal Murder Case: ঘটনার পরে পুলিশের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি সামনে আসে। তদন্তে অনুমান, কেতন আগরওয়ালের হবু স্ত্রী সিয়া বহুদিন ধরেই চেতন চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন। অভিযোগ, তরুণীর পরিবার কেতনকে পছন্দ করলেও তিনি তাঁকে বিয়ে করতে চাননি। ফলে, কেতন তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালে তাঁকে মেরে ফেলার ছক কষেন অভিযুক্ত তরুণী ও তাঁর প্রেমিক।
পুণে: বিয়ের আগে হবু স্ত্রীর জন্মদিন। তাই সেই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করেছিলেন তিনি। মহারাষ্ট্রের পুণের ঐতিহাসিক লোহাগড় দুর্গই বেছে নিয়েছিলেন কেতন বিশাল আগরওয়াল। ৪০০ ফুট ট্রেকিংয়ের পাশাপাশি রয়্যাল কায়দায় জন্মদিন উদযাপন। কিন্তু এই সেলিব্রেশন প্ল্যানই কি হয়ে দাঁড়িয়েছিল ২৬ বছর ব্যবসায়ীর মৃত্যুর কারণ? একে এক অনেক কিছুই এখন সামনে আসছে ৷
পুণে গ্রামীণ পুলিশের দাবি অনুযায়ী, প্রচণ্ড গরমের মধ্যেও হুডি পরা এক যুবকের উপস্থিতিই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। পরে ওই যুবকের পরিচয় জানা যায়—সে ছিল সিয়া গোয়ালের প্রেমিক, ২২ বছর বয়সী চেতন চৌধুরী।
‘সিয়া সহানুভূতি পাচ্ছিল’:
এক সাংবাদিক বৈঠকে পুনে গ্রামীণ জেলার পুলিশ সুপার সন্দীপ গিল জানান, কীভাবে পুলিশ এই ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করে।
প্রথমদিকে কেতন আগরওয়ালের মৃত্যুকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে ভাবা হয়েছিল। বিয়ের মাত্র কয়েক দিন আগে ছবি তুলতে গিয়ে তিনি একটি খাদে পড়ে মারা গিয়েছিলেন বলে মনে করা হচ্ছিল। ফলে সহানুভূতির কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁর বাগদত্তা সিয়া গোয়াল (২৬)।
তবে তদন্তকারীদের দাবি, সিয়ার বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় তারা আরও গভীরভাবে তদন্ত শুরু করেন। তদন্ত চলাকালীন পুলিশ দুর্গে যাওয়ার পথে থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং লক্ষ্য করে যে এক যুবক ওই দম্পতির গাড়ির পিছন পিছন যাচ্ছিল।
পুলিশের সন্দেহ হয়, কারণ প্রচণ্ড গরমের মধ্যেও ওই যুবক একটি হুডি পরে ছিল। এরপর দুর্গের আশপাশের এলাকার আরও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দাবি করে, একই যুবককে দুর্ঘটনাস্থলের আশপাশেও দেখা গিয়েছিল। নিউজ18 মারাঠির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
পুলিশের মতে, এই তথ্য ওই যুবক ও সিয়া গোয়ালের মধ্যে সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দেয়। এরপর তদন্তকারীরা সিয়াকে আরও জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের দাবি, জেরার মুখে সিয়া অপরাধে নিজের ভূমিকার কথা স্বীকার করেন।
তদন্তকারীদের বিশ্বাস, সিসিটিভি ফুটেজ এবং হুডি পরা ওই যুবকের গতিবিধিই এই হত্যার ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Kolkata,West Bengal
