Last Updated:
সোমবার সচিবদের বৈঠকে ফের উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। প্রকল্পটি বাস্তবায়নে কেন্দ্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার জন্য সেচ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দ্রুত পদক্ষেপ করতে সেচ দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বছর বছর বর্ষার সময় এলেই জলের তলায় চলে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। আর এই সমস্যা মেটাতে বেশ কয়েক বছর ধরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নানান পরিকল্পনার কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলেও বারংবার এই প্ল্যানের কথা উঠে এলেও তা কোনওদিনই বাস্তবের মুখ দেখেনি। অন্যদিকে, পালাবদলের পরেই ঘাটাল নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল গেরুয়া শিবির। এই জলযন্ত্রণা থেকে এলাকাবাসীকে পাকাপাকিভাবে রেহাই দিতে কী ব্যবস্থা নেওয়া যায় তার পরিকল্পনা চলছিল। সোমবার, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত রাজ্যের তরফে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে ডিটেল প্রজেক্ট রিপোর্ট ( DPR )পাঠানো হয়েছিল সেখানে ১২০০ কোটি টাকা খরচের কথা উল্লেখ করা হয়েছিল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
