Last Updated:
পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি।
গুরুগ্রাম: ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গুরগ্রাম৷ যা চমকে দিয়েছে গোটা দেশ৷ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ঘরে ঢুকতেই সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখতে পান এক মহিলা। মৃতের নাম সঞ্জীব যাদব। তিনি স্ত্রী মনপ্রীত কউর ও তাঁদের সাত বছরের ছেলেকে নিয়ে থাকতেন। বৃহস্পতিবার বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর মনপ্রীতই ফোন করে সঞ্জীবের বাবা-মাকে বিষয়টি জানান। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাবাকে ওই অবস্থায় দেখে মোবাইল বার করে দৃশ্য ক্যামেরাবন্দি করতে থাকে ওই নাবালক।
মৃতের বোন কিরণের দাবি, গত কয়েক দিন ধরে সঞ্জীব ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। তাঁর অভিযোগ, মনপ্রীত বিবাহবিচ্ছেদ চাইছিলেন এবং সেই মানসিক চাপেই সঞ্জীব আত্মহত্যা করেছেন। অন্যদিকে, সঞ্জীবের বাবা আরও গুরুতর অভিযোগ তুলে দাবি করেছেন, তাঁর পুত্রকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছিল। তবে এই অভিযোগের পক্ষে এখনও কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। পুলিশের প্রাথমিক অনুমান, সঞ্জীব আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
উল্লেখ্য, সঞ্জীবের পরিবারের তোলা অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তাধীন। পুলিশ এখনও খুনের অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি এবং এই মুহূর্তে কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি। মৃত সঞ্জীব যাদবের বোন কিরণের দাবি, তাঁর দাদা কেন আত্মহত্যা করলেন, সেই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও বিস্তারিতভাবে তদন্ত করা উচিত। তাঁর অভিযোগ, সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় সঞ্জীবের দেহের যে ভিডিও সামনে এসেছে, তাতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং সেটি সন্দেহজনক বলেই তাঁর মনে হয়েছে। এই ঘটনায় সঞ্জীবের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সঞ্জীবের স্ত্রী মনপ্রীত কউরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনপ্রীতের বাড়ি অম্বালায়। ২০১৮ সালে সঞ্জীবের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রায় আট বছর আগে গুরুগ্রামে একটি বেসরকারি সংস্থায় কাজ করার সময় দু’জনের পরিচয় হয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কিরণ এবং সঞ্জীবের পরিবারের তোলা অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তাধীন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Aug 02, 2026 12:42 PM IST
