Last Updated:
দ্বিতীয় দফার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে। সেখান থেকেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা: বুধবার ৭০ নম্বর ওয়ার্ড, ভবানীপুরের চক্রবেড়িয়ার একটি বুথে আগে থেকে বসেছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে যায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কনভয়ও। শুভেন্দু এদিন বলেন, ‘‘একটা ভোট দিচ্ছেন না কেউ ওঁকে। হতাশা চরমে।’’ অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাত থেকে অত্যাচার করা হচ্ছে। তিনি সারারাত জেগেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, ‘‘নির্বাচন কমিশন খোলাখুলিভাবে আমাদের হেনস্থা এবং উত্যক্ত করছে। আমরা আদালত অবমাননার নোটিস পাঠিয়েছি, তবুও এখানে অসংখ্য বহিরাগত পর্যবেক্ষক নিয়ে আসা হয়েছে। তাঁরা পরিষ্কারভাবে বিজেপির ইশারায় নাচছেন। চক্রবেড়িয়ায় গিয়ে আপনারা নিজেরাই দেখে নিন যে আমাদের সব পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। এভাবেই কি নির্বাচন হওয়ার কথা? পুলিশ বা নিরাপত্তা বাহিনী নয়, বরং সাধারণ মানুষই তাঁদের ভোট দেবেন। ওরা বাইরে থেকে কিছু লোক নিয়ে এসেছে, আর এই লোকেরা ভোটারদের মধ্যে ভয় আর আতঙ্ক ছড়ানো ছাড়া আর কিছুই করছে না। ওরা শীঘ্রই চলে যাবে।’’
ভবানীপুরেও ‘টেররিজম’ হচ্ছে বলে অভিযোগ করেন বিদায়ী মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তিনি। ভাঙড়ে অশান্তি নিয়েও কমিশনকে একহাত নিয়েছেন মমতা। বিজেপিকে নিশানা করে বলেন, ‘‘এ সব করছে। এদের কেউ ভোট দেবে? এরা জোর করে ভোটে জিততে চাইছে।’’
দ্বিতীয় দফার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে। সেখান থেকেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, বুধবার নির্বাচনের দিন সকাল থেকেই নিজের এলাকায় ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নির্বাচনের দিন খিদিরপুরে হনুমান মন্দিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে পুজো দিয়েই দিন শুরু করেন বিরোধী দলনেতা।
Kolkata,West Bengal
Apr 29, 2026 10:45 AM IST
