নয়াদিল্লি: বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে। আর তাতেই রাস্তার ধারে ‘অমূল্য রত্ন’ কুড়িয়ে পেলেন দুই বন্ধু। টাকা-পয়সা, গয়নাগাঁটি বা দাম দিয়ে মাপা যায় এমন কোনও বস্তু নয়, বৃষ্টির জলে ভিজে এলোমেলো হয়ে যাওয়া একটি ডায়েরি পড়েছিল রাস্তার ধারে। কৌতূহলবশত পাতা উল্টে দেখতে গিয়েছিলেন। আর তাতেই তাক লেগে গেল দুই তরুণের। প্রতিটি পাতায় জীবনবোধ, ভালবাসার দলিল খুঁজে পেলেন তাঁরা। (Rain-Soaked Diary on Roadside)
সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা পৃথিবী এখন হাতের মুঠোয়। বর্তমানে আমাদের জীবনে ভার্চুয়াল দুনিয়ার ওজন এতটাই বেশি যে, ডায়েরি লেখা এখন প্রায় উঠেই গিয়েছে। তাই রাস্তার ধারে অমন একখানা ডায়েরি দেখে কার্যতই হতবাক ওই দুই তরুণ। সোশ্য়াল মিডিয়ায় কুড়িয়ে পাওয়া ওই ডায়েরি সকলের সামনে তুলে ধরেছেন তাঁরা, পাতা উল্টে উল্টে দেখিয়েছেন ভিতরের মণিমুক্তো। ওই ভিডিও একলহমায় ফেলে আসা কৈশোরে ফিরিয়ে নিয়ে গিয়েছে অনেককে। (Rain-Soaked Diary on Roadside)
আদিত্য নামের এক তরুণ ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন। তিনি এবং তাঁর বন্ধু রাস্তার ধারে সেটিকে পড়ে থাকতে দেখেন। ডায়েরিটি কোনও কিশোরীর বলেই ঠাহর হয়। কোনও পাতায় প্রিয় গানের দুই পঙক্তি লেখা রয়েছে, কোথাও আবার প্রেমের বাণী, প্রিয় মানুষের উদ্দেশে লেখা বার্তা। ডায়েরির পাতায় ‘লভ সাইন’ও আঁকা রয়েছে অজ্ঞাত কারও উদ্দেশে। আদুরে সুরে লেখা রয়েছে, ‘তোমায় ছাড়া মন মানে না, কিন্তু জানতেও পারো না তুমি’। আর এক জায়গায় লেখা, ‘আমার মন চিরকাল তোমার কাছেই বাঁধা পড়ে থাকবে’।
তবে সেখানেই শেষ নয়, ডায়েরির কোনও পাতায় সাঁটা রয়েছে চকোলেটের ব়্যাপার, কোনও পাতায় আবার ‘ডার্ক ফ্যান্টাসি’ বিস্কিটের ব়্যাপার। ভিতরের রাংতাটি পর্যন্ত সযত্নে, কাঁচি দিয়ে কেটে ‘লভ সাইনে’র আকারে আটকানো রয়েছে আঠা দিয়ে। সেগুলি কারও কাছ থেকে পাওয়া উপহারের স্মৃতিচিহ্ন বলেই অনুমান। কোনও ভাবে ডায়রিটি হাতবদল হয়ে যায়, নাকি সেটি ফেলে দেওয়া হয়, তা যদিও স্পষ্ট নয়। তবে ওই ডায়েরির কথা মুখে মুখে ফিরছে সোশ্যাল মিডিয়ায়। একটি ডায়েরি অতীতে ফিরিয়ে নিয়ে গিয়েছে অনেককে, যখন প্রিয় মানুষের সঙ্গে দেখতে যাওয়া সিনেমার টিকিট, তাঁর দেওয়া গোলাপফুল, চকোলেটের ব়্য়াপার, পার্কের টিকিট ডায়েরির পাতায় জমা করতেন তাঁরাও।
তাই আদিত্য এবং তাঁর বন্ধুও ডায়েরিটি ফেলে দিতে নারাজ। বরং ডায়েরির মালিককে খুঁজছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে তাঁরা লেখেন, ‘কারও সত্যিকারের ভালবাসা। সবাই ভিডিওটি শেয়ার করুন, যাকে তার কাছেও পৌঁছয়। কত মেহনত করে, কত যত্ন করে সাজিয়েছে’। ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে সেটি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।