Last Updated:
PM Modi Video Message: ২৪ ঘণ্টার মধ্যে ফের ইনস্টাগ্রাম রিলে ভেসে উঠল প্রধানমন্ত্রী মোদির মুখ। কী বললেন ভিডিও বার্তায়?
নয়াদিল্লি: ২৪ ঘণ্টার মধ্যে ফের ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিট প্রশ্ন ফাঁস নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার রাতেই ভিডিও বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ ফের রাত ১১টা বাজতেই ইনস্টাগ্রামে ভেসে উঠল মোদির মুখ। এবার তাঁর বার্তা মূলত ধন্যবাদ জ্ঞাপনের। বৃহস্পতিবারের মেসেজে মানুষের প্রতিক্রিয়ায় আপ্লুত প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “বন্ধুরা, আপনাদের ধন্যবাদ। আপনারা যে ভাবে আমার গতকাল রাতের মেসেজে উত্তর প্রতিক্রিয়া জানিয়েছেন, গঠনমূলক পরামর্শ দিয়েছেন তাতে আমি অভিভূত।”
উল্লেখ্য, বৃহস্পতিবার কার্যত মাঝরাতে করা প্রধানমন্ত্রী মোদির ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। ভিডিও বার্তা পোস্ট করতেই ইনস্টাগ্রামে যেন মুহূর্তে উঠল মোদি-ঝড়! রাতারাতি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মোদির ফলোয়ার সংখ্যা।
সর্বশেষ হিসেব বলছে মাত্র ১২ ঘণ্টায় ১১ লক্ষ ফলোয়ার বেড়েছে প্রধানমন্ত্রীর। ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়েছে। লাইক পড়েছে দেড় কোটি! কমেন্ট জমা পড়েছে ১৩ লক্ষের চেয়েও বেশি।
জানা যাচ্ছে, ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর অনুগামী সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু কয়েক ঘণ্টাতেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছেছে। প্রসঙ্গত দেশনেতা হিসেবে মোদির জনপ্রিয়তা সারা বিশ্বে। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, যাঁর ১০ কোটির বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। যা প্রমাণ করে, গ্রহণযোগ্যতার নিরিখে তিনি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী।
Kolkata,West Bengal
Jul 24, 2026 11:42 PM IST
