তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ধারাবাহিকের শ্যুটিংয়ের ফাঁকেই নতুন ছবির প্রচার করতে হচ্ছে তাঁকে, ফলে ব্যস্ততা রয়েছে যথেষ্টই। তবে সে তাঁর চোখেমুখে ধরা পড়ে না, সবটাই ঢেকে দেয় তাঁর হাসিমুখ। ক্যামেরার সামনে কথা বলতে হবে না শুনে, চেয়ারে গা এলিয়ে, বেশ আরাম করেই বসলেন তিনি। কলকাতার পাঁচতারা হোটেলের ঘরে, একেবারে আড্ডার মেজাজে ধরা দিলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)।
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একটি ফেসবুক লাইভ, সেখানে রণজয় বিষ্ণু জানিয়েছিলেন, তাঁকে নাকি কেউ অনুসরণ করছে। তারপরেই স্যুইচড অফ হয়ে যায় রণজয়ের মোবাইল ফোন! গোটা বিষয়টা কী? রণজয় বললেন, ‘এই সিনেমার প্রচার থেকে ফেরার সময়েই ঘটনাটা ঘটে। প্রথমে ঠিক করেছিলাম, বিষয়টা পরের দিনই সবাইকে জানাব। কিন্তু তারপরে সিদ্ধান্ত নিই, ১০ তারিখের পরে জানাব। আমাদের সিনেমা ‘ঘুণ গাঁও’-এর টিমের সবাই ঘটনাটা জানেন। অনেকেই উদ্বিগ্ন হয়েছেন, আমার থেকে জানতে চেয়েছেন। অবশ্যই সঠিক সময়ে সবাইকে জানাব।’
নতুন সিনেমা ‘ঘুণ গাঁও’-তে যেমন ডার্ক থ্রিলার আছে, তেমনই একটা দুর্দান্ত পাহাড়ি জায়গা আছে, মেঘলা কুয়াশার সৌন্দর্য্য আছে.. কথা শেষ না হতেই রণজয় সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘একদম সত্যি। ছবির মতো সুন্দর একটা জায়গায় শ্যুটিং করেছি আমরা। তবে ভয়ঙ্কর ঠাণ্ডা ছিল ওখানে। তবে সেটা আমাদের কাজের আগ্রহকে দমাতে পারেনি। জায়গাটা একেবারে নতুন, কখনও ওখানে শ্যুটিং হয়নি। ওই জায়গা, আবহ সবকিছু যেন আমাদের সিনেমার গল্পের জন্যই তৈরি। সকালে যখন গিয়ে শ্যুটিং করতাম, পুরো ভ্যালিটা দেখা যেত, পিছনে পাহাড়। স্বর্গীয় সৌন্দর্য্য।’
ধারাবাহিক আর সিনেমা, দুইই করছেন, কী দেখে চরিত্র বাছেন রণজয়? অভিনেতা বলছেন, ‘যে চরিত্রে আমি নিজেকে নতুন করে চিনতে পারব, সেইরকম চরিত্র আমায় টানে সবচেয়ে বেশি। সেই চরিত্রটা না পেলে আমি হয়তো জানতামই না যে, এইরকম অভিনয় আমিও পারি। এমন কোনও চরিত্রে অভিনয় করতে চাই না, যেখানে আমি ছবি জুড়ে রয়েছি, কিন্তু আমার কিছুই করার নেই। একটা কথা বললেন হয়তো দর্শক রেগে যাবেন যে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আমার খুব অপছন্দের ছবি। কারণ, নায়ক সব পারে! এটা বাস্তবে কখনও হয় না। আমার খুব পছন্দের ছবি ‘মনমর্জিয়া’, অনেক বেশি বাস্তবসম্মত বলে মনে হয়েছে আমার। নায়কের চরিত্রের মধ্যে ধূসরতা রয়েছে, বিভিন্ন দুর্বলতা রয়েছে। এইরকম চরিত্র আমার অনেক বেশি বাস্তবসম্মত আর কাছের বলে মনে হয়। আমি অনেক ছবিতেই ধূসর চরিত্রে অভিনয় করেছি, নেতিবাচক চরিত্র করেছি। কিন্তু এমন কোনও চরিত্রে অভিনয় করতে চাই না… যার সব ভাল। নায়ক মানেই সে সবদিক থেকে পারফেক্ট, তার কোনও দুর্বলতা নেই, এই ধারণায় আমি বিশ্বাসী নই। কোনও ছবিতে হয়তো আমার আধ ঘণ্টার অভিনয়, কিন্তু গল্পে ভীষণ প্রভাব রয়েছে ওই চরিত্রটার… সেটা আমি করব। আর হ্যাঁ, গল্পটা তো অবশ্যই ভাল হতে হবে।’
আরও পড়ুন: Ranojoy Bishnu: ঘরে চুপচাপ বসে থাকলে মানুষের প্রমাণ করতে সুবিধা হবে যে, আমি খারাপ আছি: রণজয় বিষ্ণু