Last Updated:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মঘাতী হামলা বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান: পাকিস্তানে ফের আত্মঘাতী হামলায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়া অঞ্চলের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা এলাকায় আমান মেলা পুলিশ চৌকির কাছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ছয় জন নিহত হওয়ার পাশাপাশি মোট ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় নিহত এবং আহতদের মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও রয়েছেন বলে জানা যাচ্ছে।
পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরটি আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। শহরটির আশপাশে বেশ কয়েকটি জনজাতি অধ্যুষিত জেলা রয়েছে। অতীতেও এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগেও পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। শনিবারের বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এর কয়েক দিন আগেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে।
এই প্রসঙ্গে, উদ্ধারকারী দলের প্রধান রেসকিউ ১১২২-এর প্রধান বিলাল আহমেদ ফৈজী জানিয়েছেন, এর আগেও একই ধাঁচের হামলা চালানো হয়েছিল। দিন কয়েক আগে প্রার্থনায় অংশ নিতে মসজিদে বহু মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থনা শুরু হওয়ার পরই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা মসজিদ। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের একটি অংশ ধসে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ওই বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয়েছিল।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বারবার অশান্তির ঘটনা সামনে এসেছে। বিভিন্ন শহর ও গ্রামে আত্মঘাতী হামলা এবং বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসেছে। হামলায় শুধু নিরাপত্তাকর্মীরাই নয়, বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। ক্রমাগত হামলার ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
