কলকাতা: রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City)-তে চলছিল শ্যুটিং, তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। শ্যুটিং শেষ করে, কিছু টেকনিসিয়ান্সদের সঙ্গে কথা বলছিলেন, অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। সেই সময়েই কোনও একটা বিষাক্ত পোকামাকড় বা মাকড়সা কামড়ে দেয় অভিনেতাকে। জানা যাচ্ছে, সেই সময়ে অবশ্য কিছু বুঝতে পারেননি অভিনেতা। বিষয়টাকে তেমন আমল ও দেননি। নিয়মমাফিক শ্যুটিং শেষ করে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। তবে এই ঘটনা ঘটে যাওয়ার ঘণ্টা ৬ বাদেই, ডান পায়ে প্রবল ব্যথা অনুভব করেন রাজেশ। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝে, তিনি তড়িঘড়ি ফ্লাইট ধরে কলকাতায় ফিরে আসেন। সেখানে এসে, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা, তাঁকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে। আজ কেমন আছেন তিনি?
এখন কেমন আছেন অভিনেতা রাজেশ শর্মা?
হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে এখন কিছুটা ভাল রয়েছেন অভিনেতা। বিষাক্ত পোকার কামড়ের পরে, তাঁর শরীরে সুগার লেভেল হঠাৎ বেড়ে যায়। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যাও হচ্ছিল। তবে বর্তমানে কিছুটা ভাল রয়েছেন তিনি। তাঁর সুগার অনেকটা থিতু হয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টের পরিস্থিতি ও কিছুটা স্বাভাবিক হয়েছে। আজ রাজেশ শর্মার আরও কিছু পরীক্ষা হওয়ার কথা রয়েছে.. সেই রিপোর্টগুলি এলে চিকিৎসদের কাছে অভিনেতার স্বাস্থ্যের ছবিটা আরও পরিষ্কার হবে। তবে তাঁর ইনফেকশন যাতে কোনোভাবে শরীরের অন্য কোনও জায়গায় ছড়িয়ে না পড়ে, সেইদিকে কড়া নজর রাখছেন চিকিৎসকেরা। যখন রাজেশ শর্মার শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছে, তখন নতুন করে যাতে কোনও সমস্যা তৈরি না করা হয়, সেইদিকে কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।
রাজেশ শর্মার অসুস্থতায় কড়া তদন্তের আর্জি
অন্যদিকে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে বলে, এক্স-এ একটি পোস্ট করেছেন। ফিল্ম ওয়ার্কার্সদের সংস্থা এটাও ঘোষণা করেছে যে, ছবির প্রযোজকের উচিত অভিনেতার চিকিৎসার যাবতীয় খরচ খরচার দায়ভার নেওয়া এবং এই বিষয়টিকে আইনের আওতায় নিয়ে আসা। যেখানে প্রচুর মানুষ নিয়ে সিনেমার শ্যুটিং হচ্ছে সেখানে এমন বিষধর কীভাবে থাকে, কেন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে না, এই প্রশ্নই তোলা হয়েছে। AICWA -এ প্রেসিডেন্ট সুরেশ শ্যামল গুপ্ত প্রশ্ন তুলেছেন, সেটের মধ্যেই যখন এরকম ঘটনা ঘটল, তখন কী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল? সেটে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ছিল কি? সেটেই যদি এমন একটি বিষধর পোকা কামড়েছিল, তাহলে সেখানেই কেন প্রাথমিক ব্যবস্থা নেওয়া হল না? চিকিৎসককে ডাকা হল না? পাশাপাশি আরও প্রশ্ন তোলা হয়েছে যে, ঘটনাটি ঘটেছিল হায়দরাবাদে। অভিনেতা সেখানেই তো অসুস্থ হয়ে পড়েছিলেন। তাহলে কেন তাঁকে চিকিৎসার জন্য ফ্লাইট ধরে কলকাতায় ফিরে এসে, তারপরে হাসপাতালে ভর্তি হতে হল? এর মধ্যে অনেকটা সময় গড়িয়ে গেল না কি? সর্বপোরি, সেটে কাজ করা অভিনেতা ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আরও পড়ুন: Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?