কলকাতা: শনিবার আর রবিবার, এই ২টো দিন ‘বিগ বস বাংলা’-র (Big Boss Bangla) ঘরে শোয়ের ধারা বদলাবে, কারণ এই ২টো দিন প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন, উপদেশ দেবেন, প্রয়োজনে শাসন করবেন… সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার এই দাদার দরবারের প্রথম এপিসোড ছিল আর এদিনই হাউজ থেকে বিদায় নিতে হয়, অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta)-কে। সৌরভ জানান, দর্শকেরা নাকি বলাবলি করছেন, অনিন্দ্য এই বাড়িতে থাকতে চান না। তিনি কথা বলেন না, বাড়ির কারও সঙ্গে তেমনভাবে মিশতেও পারেন না। এমনকি টাস্ক চলার সময়ে তাঁকে ঘুমাতেও দেখা গিয়েছে। সেই কারণেই অনিন্দ্যকে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এদিন ভরত কলের (Bharat Kaul)-এর ভাষা, প্রতিযোগী তনুশ্রীর সঙ্গে তাঁর ব্যবহার.. এই সমস্ত কিছু নিতেই ভরত কলকে ভর্ৎসনা করেন সৌরভ।
‘বিগ বস বাংলা’-এর ঘরে ভরত কল আর তনুশ্রীর বাদানুবাদ, কী বললেন সৌরভ?
‘বিগ বস বাংলা’-র ঘরে ভরত কল আর তনুশ্রীর মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয়েছিল কয়েকটা দিন আগেই। উত্তপ্ত বাক্যবিনিময়ের সময়ে, ভরত কল তনুশ্রীকে এমন কিছু কথা বলেন যেটা একজন মহিলাকে বলা যথেষ্ট অপমানজনক। সেই সময়ে তনুশ্রী যথেষ্ট প্রতিবাদ করলেও, তাঁর অভিযোগ সেই সময়ে তিনি কাউকে পাশে পাননি। পুরুষ তো নয় বটেই, এমনকি সেই সময়ে কোনও মহিলা প্রতিযোগীও তনুশ্রীর পাশে দাঁড়াননি বলে অভিযোগ তাঁর। আর এই বিষয়টা নিয়েই এদিন মঞ্চে প্রসঙ্গ তোলেন সৌরভ। ভরত কলকে সৌরভ বলেন যে, তাঁকে মনে রাখতে হবে যে তিনি যথেষ্ট জনপ্রিয় মুখ। অনেকেরই রোল মডেল তিনি। ফলে তিনি এই শো-তে কেমন ভাষা ব্যবহার করবেন, কার সঙ্গে কেমন ব্যবহার করবেন.. এই সমস্তকিছু নিয়ে তাঁকে সতর্ক থাকতে হবে।
এখানেই শেষ নয়, এই ঘটনায় মনামী ঘোষ (Monami Ghosh), সৃজলা গুহ (Srjila Guha) এবং সোনামণি সাহাকে (Sonamoni Saha) সৌরভ প্রশ্ন করেন, একজন মহিলার সঙ্গে অভব্য ব্যবহার করা হচ্ছে জেনেও, কেন তাঁরা চুপ ছিলেন, গোটা ঘটনাটা দেখে হেসেছেন.. এ নিয়ে প্রশ্নও করেন সৌরভ। তবে তাঁরা প্রত্যেকেই জানান ঘটনার পরে আলাদা আবাদা করে তাঁরা প্রত্যেকেই ভরত কলকে বুঝিয়েছেন যে, তিনি যা করেছেন সেটা ঠিক নয়। তনুশ্রীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। অন্যদিকে তনুশ্রী বলেন, তিনি ক্যাপ্টেন হিসেবে ভরত কলকে মাত্র ২ দিতে চান। কারণ তিনি একেবারেই মনে করেন না, ভরত কল ভাল ক্যাপ্টেন।
আরও পড়ুন: Big Boss Bangla: টাস্কের সময় ঘুম, শুধু টাকার জন্যই আসা? মাত্র ১ সপ্তাহেই বিগ বসের সফর শেষ অনিন্দ্যর