Last Updated:
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানসেবিকাকে শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগে ৩৫ বছর বয়সি ভারতীয় নাগরিক আকাশ তিওয়ারিকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সিঙ্গাপুরের আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে কর্মরত বিমানসেবিকাকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে ৩৫ বছর বয়সি এক ভারতীয় নাগরিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত। দোষী ব্যক্তির নাম আকাশ তিওয়ারি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালত তিওয়ারিকে ক্ষতিপূরণ হিসেবে অভিযোগকারী বিমানসেবিকাকে ১,২৭০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৯৮২ মার্কিন ডলার) দেওয়ারও নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঘটে। তিওয়ারি ব্যাংকক থেকে সিঙ্গাপুরগামী একটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ভ্রমণ করছিলেন।
আদালতের নথি অনুযায়ী, উড্ডয়নের আগে যাত্রীদের খাবারের পছন্দ নিশ্চিত করতে বিমানসেবিকা যখন তিওয়ারি ও তাঁর বন্ধুদের কাছে যান, তখন তিওয়ারি ইচ্ছাকৃতভাবে হাত প্রসারিত করে তাঁর পায়ে স্পর্শ করার চেষ্টা করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, যাত্রাপথে বিমানসেবিকা যখনই ওই সারির পাশ দিয়ে হেঁটে যেতেন, তিওয়ারি ও তাঁর চার বন্ধু হাসাহাসি করতেন। বিষয়টি তিনি প্রধান স্টুয়ার্ডেসকে জানালে তাঁকে অন্য একটি আইলে দায়িত্ব দেওয়া হয়। তবে এরপরও হয়রানি থামেনি। পরে বিমানসেবিকা যখন খাবারের ট্রে সংগ্রহ করতে ওই সারিতে যান, তখন তিওয়ারি কনুই দিয়ে তাঁর পিঠে স্পর্শ করেন বলে অভিযোগ।
ঘটনার কথা ফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান বিমানসেবিকা। এরপর এক সিনিয়র সহকর্মীকে নিয়ে তিনি তিওয়ারির মুখোমুখি হন। কিন্তু তিওয়ারি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। সরকারি কৌঁসুলি আদালতে জানান, বিমানসেবিকা বারবার তিওয়ারিকে তাঁকে স্পর্শ না করার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু অভিযোগ শুনে তিওয়ারি বিদ্রূপাত্মক হাসি দেন, যা অভিযোগকারীর মানসিক অস্বস্তি আরও বাড়িয়ে তোলে।
বিমানের অবতরণের কিছুক্ষণ আগে তিওয়ারি বিমানসেবিকাকে অনুসরণ করে গ্যালি বা বিমানের সংকীর্ণ কর্মক্ষেত্রে ঢুকে পড়েন এবং তাঁর খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকেন। একাধিকবার দূরে সরে যাওয়ার অনুরোধ সত্ত্বেও তিনি তা মানেননি। শেষ পর্যন্ত বিমানসেবিকাকে কোণঠাসা করে ফেললে তিনি চিৎকার করে ওঠেন।
আদালতে জানানো হয়, তিওয়ারি যখন কনুই দিয়ে বিমানসেবিকার পিঠে স্পর্শ করেছিলেন এবং তিনি আপত্তি জানিয়েছিলেন, তখন তিওয়ারির এক বন্ধু জয় শঙ্কর মন্তব্য করেন যে তিনি একটি বিয়ার নিয়ে ‘শো’ দেখতে চান। ঘটনার পর বিমানসেবিকা বিষয়টি বিমানের ক্যাপ্টেনকে জানান। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে বিমান অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত শুরু করে।
সোমবার সিঙ্গাপুরের একটি আদালত শ্লীলতাহানি ও হয়রানির দুটি অভিযোগে দোষ স্বীকার করার পর আকাশ তিওয়ারিকে ছয় মাসের কারাদণ্ডের সাজা শোনায়। প্রসঙ্গত, একই প্রতিবেদনে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ২০ বছর বয়সি এক ভারতীয় যুবকের বিরুদ্ধে বিমানসেবিকাকে শ্লীলতাহানির অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 24, 2026 10:06 PM IST
