Last Updated:
দেশের তিন গুরুত্বপূর্ণ শহরে ওয়াটার মেট্রো চালু করতে উদ্যোগী কেন্দ্র, এর মধ্যে রয়েছে কলকাতার নামও। কলকাতায় হুগলি নদীতে একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলতে পারে এই ওয়াটার মেট্রো।
নয়াদিল্লি: দেশের তিন গুরুত্বপূর্ণ শহর—শ্রীনগর, গুয়াহাটি ও কলকাতায় ওয়াটার মেট্রো চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। এই ধরনের পরিষেবা চালু হলে জলপথ পরিবহণ অন্য উচ্চতায় পৌঁছে যেতে পারে। সেই লক্ষ্যে ওয়াটার মেট্রো পরিষেবা চালু করা কতটা সম্ভব তা খতিয়ে দেখতে বিস্তারিত সমীক্ষা ও ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শুরু হয়েছে। পথঘাটের যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছঝে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ওয়াটার মেট্রো।
জানা গিয়েছে, ডিপিআর তৈরির সময় যাত্রী চাহিদা, সম্ভাব্য রুট, আর্থিক সম্ভাব্যতা, টার্মিনাল-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। শ্রীনগরে এই প্রকল্প শহরের ঐতিহ্যবাহী জলপথ নির্ভর যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। প্রস্তাবিত জলপথে ঝিলম নদী ও ডাল লেক—দুই এলাকাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ঝিলম নদীর তীরে ১১টি স্থান চিহ্নিত হয়েছে, যার মধ্যে রয়েছে পান্থা চক, জিরো ব্রিজ, আমিরা কাদল, মহারাজগঞ্জ, ছাতাবল, সুম্বল, হাজিন এবং উলার হ্রদ। এছাড়া ডাল লেক অঞ্চলে নেহরু পার্ক, চার চিনার, নিশাত গার্ডেন, শালিমার বাগ, নাসিম বাগ ও হজরতবল দরগাহ-সহ ১০টি সম্ভাব্য ঘাট চিহ্নিত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে শ্রীনগরের বাসিন্দা ও পর্যটকদের যাতায়াত অনেক সহজ হতে পারে এবং শহরের সড়কপথের উপর চাপও কমবে বলে আশা করা হচ্ছে।
অন্য দিকে, কলকাতার ক্ষেত্রে হুগলি নদীতে দীর্ঘদিনের ফেরি পরিষেবা পাশাপাশি ওয়াটার মেট্রো চললে যাত্রীরা স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারবেন এবং যানজটও এড়িয়ে যেতে পারবেন। সম্ভাব্য ১৬টি স্থানের মধ্যে রয়েছে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, হাওড়া স্টেশন জেটি, বাগবাজার, শোভাবাজার এবং শালিমার ঘাট। কর্তাদের মতে, ডিপিআরে সম্ভাব্য যাত্রী সংখ্যা, উপযুক্ত টার্মিনাল স্থানের নির্বাচন, প্রয়োজনীয় জলযানের ধরন এবং পরিষেবা পরিচালনার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কেও সুপারিশ থাকবে।
গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের বিস্তৃত জলপথকে কাজে লাগিয়ে ওয়াটার মেট্রো পরিষেবার পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য ১২টি স্থানের মধ্যে রয়েছে গেটওয়ে অফ গুয়াহাটি, উজানবাজার, পান্ডু বন্দর, নর্থ গুয়াহাটি, আইআইটি গুয়াহাটি, সুয়ালকুচি এবং পালাশবাড়ি। বিশেষভাবে, জলপথের মাধ্যমে শহর ও গুয়াহাটি বিমানবন্দরের সংযোগ স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
ওয়াটার মেট্রো প্রকল্পের পাশাপাশি তিন শহরেই ক্রুজ টার্মিনাল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। শ্রীনগরে ঝিলম নদীর তীরে, গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের তীরে এবং কলকাতায় হুগলি নদীর তীরে এই টার্মিনালগুলি গড়ে তোলার ভাবনা রয়েছে, যা পর্যটন ও বিনোদনমূলক নৌভ্রমণকে আরও উৎসাহিত করতে পারে। কোচির সফল ওয়াটার মেট্রো মডেল থেকে অনুপ্রাণিত হয়ে এখন নদী ও হ্রদকে শুধু পর্যটনের আকর্ষণ নয়, বরং নগর পরিবহণের কার্যকর করিডর হিসেবে দেখছে নীতিনির্ধারকেরা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
