Last Updated:
জর্ডান ব্রাউন তদন্তকারীদের জানান যে তিনি পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়েছিলেন, যেখানে তাঁর পাসপোর্ট হারিয়ে যায়। এরপর তিনি নাকি সমুদ্রপথে শ্রীলঙ্কায় যান এবং পরে ভারতে পৌঁছন।
মণিপুরে মার্কিন ড্রোন বিশেষজ্ঞ ম্যাথিউ ভ্যানডাইককে (Matthew VanDyke) গ্রেফতারের কয়েক মাস পর, সন্দেহজনক পরিস্থিতিতে ভারতে আরও এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জর্ডান ব্রাউন, যিনি নিজেকে মার্কিন বিশেষ বাহিনীর প্রাক্তন সেনা বলে দাবি করেছিলেন, তাঁকে ১১ জুলাই ভারত-নেপাল সীমান্তের সোনৌলি এলাকায় সশস্ত্র সীমা বল (এসএসবি) গ্রেফতার করে।
প্রতিবেদন অনুযায়ী, বৈধ ভ্রমণ নথি ছাড়াই নেপালে প্রবেশের চেষ্টা করার সময় ব্রাউনকে আটক করা হয়। কর্মকর্তারা জানান, তিনি নাকি এক এসএসবি জওয়ানের কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলেন, তবে স্থানীয় গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীকে তাঁকে ধরতে সাহায্য করেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে, গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীকে মার্কিন নাগরিকটিকে ঘিরে ধরে আটক করতে সহায়তা করেছেন। জিজ্ঞাসাবাদের সময় ব্রাউনের বক্তব্য বারবার বদলে যাওয়ায় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি তাঁর দাবিগুলি খতিয়ে দেখছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ জানান, ব্রাউন ২০২৫ সালের নভেম্বর মাসে সমুদ্রপথে ভারতে প্রবেশ করেছিলেন এবং তারপর থেকে তিনি গোয়ায় বসবাস করছিলেন।
পুলিশ মিডিয়া সেলের জারি করা একটি ভিডিও বার্তায় ওই পুলিশ আধিকারিক জানান, অনুমতি ছাড়াই নেপালে প্রবেশের চেষ্টা করার সময় এসএসবি ব্রাউনকে আটক করে।
BIG NEWS 🚨 Another US national, reportedly a former Special Forces officer, was caught near the India-Nepal border without valid documents.
He allegedly tried to enter Nepal after escaping from an SSB jawan, but local villagers caught him 🔥https://t.co/vzkam032xW
— News Algebra (@NewsAlgebraIND) July 13, 2026
পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, ব্রাউন তদন্তকারীদের জানান যে তিনি পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়েছিলেন, যেখানে তাঁর পাসপোর্ট হারিয়ে যায়। এরপর তিনি নাকি সমুদ্রপথে শ্রীলঙ্কায় যান এবং পরে আরেকটি সমুদ্রপথ ব্যবহার করে ২০২৫ সালের ২ নভেম্বর ভারতে পৌঁছন। তারপর থেকে তিনি গোয়ায় বসবাস করছিলেন বলে দাবি করেন।
পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, তাঁর কাছ থেকে কোনও বৈধ ভ্রমণ সংক্রান্ত নথি উদ্ধার করা যায়নি।
বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে সোনৌলি থানায় অভিবাসন ও বিদেশি আইন-এর ২১ এবং ২৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও আইনি প্রক্রিয়া চলছে।
Kolkata,West Bengal
