Last Updated:
Puri Hotel Fraud: প্রতি বছর রথযাত্রার সময় পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী পুরীতে যান। তাই প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে যে, এই ভক্তরাই অনলাইন প্রতারণার ঝুঁকিতে বেশি রয়েছেন। হোটেল বুকিং, অনুদান প্রদান বা অন্য কোনও অনলাইন লেনদেনের আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সকল দর্শনার্থীর কাছে আবেদন জানানো হয়েছে।
কটক: সামনেই রথ৷ এই সময় পশ্চিমবঙ্গ থেকে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথের দর্শন পেতে পুরীতে জড়ো হন পুণ্যার্থীরা৷ হোটেলে তিল ধারণের জায়গা থাকে না৷ অনেকে আবার পুণ্যার্থীদের প্রবল ভিড়ে পুরীতে না গিয়ে অনলাইনেই মহাপ্রসাদ পাওয়ার যায় কি না এই খোঁজ করেন৷ এই দুই ঘিরেই নানা সময়ে নানা জালিয়াতির খবর প্রকাশ্যে এসেছে৷ রথ বা স্নানযাত্রার সময়ে এই ধরনের জালিয়াতির ঘটনা বাড়ে বলে স্থানীয় সূত্রের খবর৷ জানা গিয়েছে, এবারেও পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে সাইবার প্রতারকদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভক্ত ও পর্যটকদের টার্গেট করে ভুয়ো মহাপ্রসাদ হোম ডেলিভারি, অনুদান সংগ্রহ, দর্শন বুকিং এবং পুজোর আয়োজনের নামে অনলাইন প্রতারণা চালানো হচ্ছে।
এই ধরনের সাইবার অপরাধ রুখতে প্রশাসন কড়া পদক্ষেপ করেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই, ১০০-রও বেশি প্রতারণামূলক লিঙ্ক সরিয়ে ফেলার পর সোমবার আরও ৯টি ভুয়ো হোটেল ওয়েবসাইট ব্লক করা হয়েছে। পাশাপাশি, মহাপ্রসাদ ও অনুদানের নামে প্রতারণার কাজে ব্যবহৃত ১৬টি ক্ষতিকর (ম্যালিশিয়াস) ইউআরএল-ও বন্ধ করে দেওয়া হয়েছে।
ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের সাইবার টিম পুরীর বড় বড় হোটেলগুলিতে বিশেষ যাচাই অভিযান শুরু করেছে। প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল হোটেলগুলির ওয়েবসাইট পরীক্ষা করে সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করছে, যাতে সাইবার প্রতারণা রোধ করা যায়। এখন পর্যন্ত প্রশাসন ২২১টি ভুয়ো হোটেল ওয়েবপেজ এবং মহাপ্রসাদ ও অনুদানের নামে প্রতারণার সঙ্গে যুক্ত ৬৬টিরও বেশি সন্দেহজনক ইউআরএল ব্লক করেছে।
এদিকে, পুরীজুড়ে একটি বিশেষ সচেতনতা প্রচার গাড়ির মাধ্যমে সাইবার সচেতনতা অভিযানও শুরু হয়েছে। পুরীর পুলিশ সুপার ভক্ত ও পর্যটকদের শুধুমাত্র বিশ্বস্ত ও যাচাইকৃত ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিং এবং অনলাইন লেনদেন করার আহ্বান জানিয়েছেন।
বর্তমানে পর্যটকরাই সাইবার প্রতারকদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন। ইতিমধ্যেই একাধিক ব্যক্তি এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। বাঙালি পর্যটক এবং হোটেল মালিকরা প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের কাছে আইন কঠোরভাবে প্রয়োগের আবেদন করেছেন।
Jul 13, 2026 11:35 PM IST
