তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: রুপোলি পর্দা রঙিন হয়েছে, জুটি হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তাঁরা। এতটা সময়ে একাধিক সিনেমায় অভিনয় করেছেন একসঙ্গে। হিট সিনেমা, হিট গান… আর একগুচ্ছ রঙিন স্মৃতি। আর সম্ভবত সেই কারণেই, প্রথমবার খবরটা শুনে মেনে নিতে পারেননি স্বয়ং রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। যাঁর সঙ্গে জুটি বেঁধে, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’-র মতো ছবিতে অভিনয় করেছেন, দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও, পর্দার সেই প্রাণবন্ত নায়িকার মৃত্যুর খবর এক কথায় মেনে নেওয়াটা কঠিন তো বটেই! এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)-র কাছে প্রথম ফোন পেয়ে রঞ্জিত মল্লিক বললেন, ‘আমি সত্যিই এখনও বিশ্বাস করতে পারছি না। খবরটা মিথ্যে বলে মনে হচ্ছে। আজকাল এত ভুয়ো খবর ছড়ায় যে, এগুলো বিশ্বাস করতে পারি না আর… আমি এ নিয়ে কিছু বলব না। কোনও প্রতিক্রিয়া দেব না। আমি বিশ্বাস করতে পারছি না মিঠু নেই.. ও তো অনেক ছোট আমার থেকে।’
প্রায় এক ঘণ্টা পরে, নিজেই ফোন করলেন রঞ্জিত মল্লিক। ফোনের ওপারে একটু ভারি শোনাল তাঁর গলা। তারপরে কোনও ভূমিকা না করেই বললেন.. ‘খবরটা সত্যি। মিথ্যে হল না খবরটা। প্রায় ৫০ বছর আগে সিনেমা করেছিলাম মিঠুর সঙ্গে। প্রথমে ‘মৌচাক’, তারপরে ‘স্বয়ংসিদ্ধা’… ওই ছবিগুলো এখনও মানুষের মনে অমলিন হয়ে রয়েছে। এর যতটা কৃতিত্ব আমার, ঠিক ততটাই মিঠুর। ভীষণ ভাল একজন অভিনেত্রী ছিলেন। সবচেয়ে বড় কথা, কখনও মনে হত না যে উনি অভিনয় করছেন। এক্কেবারে স্বাভাবিক, প্রাণবন্ত শট দিত। তবে কাজের বাইরে যে প্রচুর গল্প করার সুযোগ পেতাম, এমন নয়। কাজের ব্যস্ততা থাকত, ক্লান্তিও। একটা সময়ে পর্দা থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন মিঠু, প্রচার চাননি আর কখনোই। আমার সঙ্গে দীর্ঘ বছর যোগাযোগ নেই। তারপরেও এই চলে যাওয়াটা আমার কাছে সমান দুঃখের।’
একটু থেমে রঞ্জিত মল্লিক ফের বললেন, ‘জানেন তো.. আমার শুধুই নেই, নেই নেই…। যাঁদের সঙ্গে কাজ করেছি, সমস্ত মানুষগুলো এক এক করে চলে যাচ্ছেন। একটা সোনালি সময় হারিয়ে যাচ্ছে। সেই সময়ের ছবির মধ্যে একটা অদ্ভুত বাঙালিয়ানা ছিল। নায়ক নায়িকাদের মধ্যেও তাই। মিঠুও এই বিশেষত্ব থেকে বাইরে ছিলেন না, কিন্তু সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। ইন্ডাস্ট্রি থেকে এত দূরে সরিয়ে নিলেন নিজেকে যে, শেষবার দেখা হওয়ার, কথা হওয়ার স্মৃতিটুকুও প্রায় মুছে গিয়েছে.. মনে পড়ে না আর। প্রায় ৫০ বছর আগেকার কথা তো..’
আর কিছু বলতে পারলেন না রঞ্জিত মল্লিক। তবে ফোন রাখার আগে, স্বভাবজাত ভদ্রতায়, ‘ভাল থাকবেন’ বলতে ভুললেন না।
আরও পড়ুন: Mithu Mukherjee: বাংলা সিনেমার জগতে নক্ষত্রপতন, মুম্বইয়ে প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়