নওদা : ভোটগণনার রাতেই বড় পদক্ষেপ পুলিশের। বিধানসভা নির্বাচনের প্রথম দফা মোটের উপর শান্তিপূর্ণ হলেও, নওদা এলাকায় অশান্তির জেরে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। ধৃত শফিউজ্জামান মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। নওদা ব্লকের তৃণমূল সভাপতি। হাবিব মাস্টার নামেও পরিচিত এই নেতা প্রথম দফার ভোটের দিন, অর্থাৎ ২৩ এপ্রিল, আমজনতা উন্নয়ন পার্টির এক নেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এই বচসা থেকেই উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপর নওদা থানা স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। অবশেষে ভোটগণনার রাতেই অভিযুক্ত শফিউজ্জামানকে গ্রেফতার করা হল।