নয়াদিল্লি: ‘মোদি তত্ত্ব’ পড়ানোর সিদ্ধান্ত গুজরাতের বিশ্ববিদ্যালয়ে। সোশিওলজি বা সমাজ বিজ্ঞান কোর্সের নয়া ‘মডিউল’ চালু করা হয়েছে, যাতে ‘মোদি তত্ত্ব’ পড়ানো হবে ছাত্রছাত্রীদের, যার আওতায় বিজেপি-র অভিভাবক সংস্থা RSS-এর কাজকর্ম, হিন্দুধর্ম সম্পর্কে পড়ানো হবে। ‘ভারতীয় জ্ঞানে’র ধারায় ফেরানো হবে সকলকে। বিষয়টি সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছেন শিক্ষাবিদদের একাংশ। শিক্ষার গৈরিকীকরণ ঘটছে বলে অভিযোগ তুলছেন তাঁরা। (Modi Tattva in Sociology Courses)
গুজরাতের ভাদোদরার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ সোশিওলজি বিভাগের নয়া পাঠ্যক্রম সামনে এনেছেন, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বগুণ নিয়ে পড়ানো হবে। তিনটি কোর্সে ভারতের নিজস্ব জ্ঞানের ধারা, হিন্দুধর্ম এবং জাতীয়তাবাদের অধ্য়ায়ও থাকছে। স্নাতক স্তরের চতুর্থবর্ষের যে ১০টি পেপার, তার অন্তর্ভুক্ত হবে এগুলি। পাশাপাশি, স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষেও পড়ানো হবে। (Maharaja Sayajirao University of Baroda)
আরও পড়ুন: ৩ বছরের ছেলেকে ধর্ষণ করে খুন, চকোলেটের প্রলোভন দেখিয়ে ভয়ঙ্কর অপরাধ, গ্রেফতার নাবালক
‘ভারতীয় সমাজবিজ্ঞান’, ‘হিন্দু সমাজবিজ্ঞান’ এবং ‘দেশপ্রেমের সমাজবিজ্ঞান’ নামের তিনটি মডিউল থাকছে। জুন মাসে যে নয়া শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, তার অন্তর্ভুক্ত হবে এগুলি। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ডঃ বীরেন্দ্র সিংহ, যিনি নীতি আয়োগের জননীতি বিভাগের সঙ্গেও যুক্ত, তিনি গোটা পাঠ্যক্রম সাজিয়েছেন বলে জানা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মোদি তত্ত্ব সমাজবিজ্ঞান বিভাগের দেশপ্রেমের সমাজবিজ্ঞান কোর্সের অন্তর্ভু্ক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বগুণ নিয়ে পড়ানো হবে। জার্মানির সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার ‘ক্যারিশমাটিক অথরিটি’র যে ধারণা পেশ করেছিলেন, তার ধাঁচেই পড়ানো হবে।”
আরও পড়ুন: দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
মোদিকে ‘ক্যারিশম্যাটিক লিডারশিপে’র জলজ্যান্ত উদাহরণ হিসেবে তুলে ধরা হবে বলে জানান ডঃ সিংহ। তিনি জানিয়েছেন, মোদির নীতি, সাধারণ মানুষের সঙ্গে তাঁর যে আত্মিক যোগ, জাতীয় এবং আন্তর্জাতিক রাজবীতিতে তিনি যেভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন, তা তুলে ধরা হবে। ডঃ সিংহের কথায়, “৫০ বছর পর আলচনার পরিবর্তে, এখন থেকেই বর্তমান প্রজন্মকে শিক্ষিত করা হবে।” গুজরাতের প্রত্যন্ত গ্রামগুলিতে যা কাজকর্ম হয়েছে, তৃণমূলস্তরে তাদের যে প্রভাব পাওয়া গিয়েছে, তা মাথায় রেখেই RSS-এর কাজকর্মকে রাখা হয়েছে পাঠ্যক্রমে।
ডঃ সিংহের দাবি, RSS যেভাবে সকলের অন্তর্ভুক্তিকরকে সমর্থন করে, কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই পটেলকে যেভাবে বিজেপি-র আপন করে তুলেছে, তাতে তাদের কাজকর্ম সম্পর্কে আগ্রহ রয়েছে বহু মানুষের। পাশাপাশি, ভারতীয় জ্ঞানের ধারা বোঝাতে প্রাচীন চিকিৎসাজ্ঞান, প্রযুক্তি এবং সামাজিক ব্যবস্থা সম্পর্কে পড়ানো হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI