Last Updated:
ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে কোটিপতি হোটেল ব্যবসায়ী ও সিভিল ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়ে এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি, পরে তাঁকে ধর্ষণ এবং ৪১ লক্ষ টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক ব্যক্তির বিরুদ্ধে।
ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে নিজেকে কোটিপতি হোটেল ব্যবসায়ী ও সিভিল ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়েছিলেন এক ব্যক্তি। পরে সেই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ উঠল। অভিযুক্ত ব্যক্তি মহারাষ্ট্রের বাসিন্দা। তার থেকে ৪১ লক্ষ টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের নন্দুরবার জেলার ৩৮ বছর বয়সি ওই ব্যক্তি একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে ভুয়ো প্রোফাইল তৈরি করে নিজেকে ধনী হোটেল ব্যবসায়ী এবং সিভিল ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেন।
সেই সূত্রেই ঠানের কল্যাণ পূর্ব এলাকার ৩৬ বছর বয়সি এক বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মহিলার সন্তানকেও নিজের সন্তানের মতো গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়ে তাঁর বিশ্বাস অর্জন করেন অভিযুক্ত। পুলিশের দাবি, মহিলার আস্থা অর্জনের পর অভিযুক্ত একাধিকবার নবি মুম্বইয়ের পানভেলের বিভিন্ন হোটেল এবং কল্যাণে মহিলার বাড়িতে তাঁকে ধর্ষণ করেন।
এফআইআরের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই মহিলার কাছ থেকে মোট ৪১.২৫ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেন। এছাড়া জাল নথি তৈরি করে মহিলার একটি গাড়ি বিক্রি করে দেওয়া হয় এবং তাঁর আরও একটি গাড়ি বেআইনি ভাবে দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের সন্দেহ, একই কৌশল অবলম্বন করে অভিযুক্ত আরও একাধিক মহিলাকে প্রতারণার শিকার করেছেন। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে ওই মহিলার অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
