কলকাতা: পশ্চিমবঙ্গে দু’-দু’টি আসনে জয়ী হয়েছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দল। আর তার পরই কালীঘাটের পাশাপাশি, লখনউয়ে বার্তা পাঠালেন শুভেন্দু অধিকারী। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেখান থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে মুছে ফেলার কথা বলতে শোনা গেল তাঁকে। (Suvendu Adhikari)
পশ্চিমবঙ্গের দুই আসন, নন্দীগ্রাম এবং ভবানীপুরে জয়ী হয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ এবং জৈন ভোটারদের কৃতিত্ব দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “নন্দীগ্রামের হিন্দুরা আমাকে পুনরায় জিতিয়েছেন। সেখানে পুরো মুসলিম ভোট তৃণমূলে গিয়েছে। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈনরা আমাকে ভোট দিয়েছেন। এটা হিন্দুত্ব, বাংলা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়।” সিপিএম-এর একটি অংশও তাঁকে ভোট দিয়েছেন বলে জানান। (Akhilesh Yadav)
আর তার পরই সরাসরি অখিলেশকে বার্তা দেন। বলেন, “শেষ, সব শেষ…রাহুল গাঁধীও শেষ, তেজস্বী যাদব আগেই শেষ হয়ে গিয়েছে। আজ শেষ হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামী উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবও শেষ।” মমতার রাজনৈতিক নির্বাসন শুরু হয়ে গেল বলেও জানান শুভেন্দু। এমনকি আম আদমি পার্টির সঙ্গেও তুলনা করেন তৃণমূলকে। আম আদমি পার্টির মতোই তৃণমূলের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন।
VIDEO | West Bengal: BJP leader Suvendu Adhikari (@SuvenduWB) says, “This is the win of people, they have thrown away misgovernance, corruption, and anti-Hindu government. They have wiped them out… I express my gratefulness to party workers, will take them along, fulfil their… pic.twitter.com/CKxPkNzBZ2
— Press Trust of India (@PTI_News) May 4, 2026
বিজেপি-র অভূতপূর্ব জয়ের জন্য রাজ্য এবং কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানান শুভেন্দু। রাজ্যের সব সরকারি কর্মী, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীকেও ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভরসা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কর্মীর জয়। বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ।”
শুভেন্দু আরও লেখেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। সরকারি কর্মচারীবৃন্দ, কেন্দ্রীয় বাহিনীকেও ধন্যবাদ। রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা।”