Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরকে লোকসভায় তীব্র কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এবার রাহুলকে পাল্টা আক্রমণ বিজেপির৷
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরকে লোকসভায় তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ এমনকী প্রধামমন্ত্রীকে ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা৷ এবার পাল্টা রাহুল গান্ধিকে নিশানা বিজেপির৷
রাহুল গান্ধী দেশের অপমান করেছেন এবং বারবার প্রধানমন্ত্রীকে নিশানা করছেন বলে অভিযোগ তুলল বিজেপি৷ বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, প্রধানমন্ত্রীকে “গদ্দার” বলার মাধ্যমে রাহুল গান্ধী দেশের ১৪০ কোটি মানুষকে অপমান করেছেন।
বিজেপির আরও এক মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধিকে৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস নিজেদের ‘ভালবাসার দোকান (মোহব্বত কি দুকান)’ বলে দাবি করে, কিন্তু এটাই তাদের আসল চরিত্র। তারা সবসময় প্রধানমন্ত্রী মোদিকে অসম্মান করেছেন, এমনকি তাঁর মাকেও অপমান করেছেন। প্রধানমন্ত্রী ওবিসি সম্প্রদায় থেকে উঠে এসেছেন বলেই তাঁকে বারবার অসম্মান করা হয়েছে।’’
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং নরেন্দ্র মোদির ভাইরাল ‘মেলোডি’ মুহূর্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। রায়বরেলিতে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘‘দেশের মাথার উপর অর্থনৈতিক ঝড় বইছে, আর আমাদের প্রধানমন্ত্রী ইতালিতে ক্যান্ডি বিলি করতে ব্যস্ত! কৃষক, যুবক, মহিলা, শ্রমিক ও ছোট ব্যবসায়ীরা কাঁদছেন, আর প্রধানমন্ত্রী হাসছেন ও রিল বানাচ্ছেন, বিজেপি নেতারাও তাতে হাততালি দিচ্ছেন।
এর আগেও বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, সরকার সাধারণ মানুষকে বিদেশ ভ্রমণ এড়ানোর পরামর্শ দিচ্ছে, অথচ প্রধানমন্ত্রী নিজে একের পর এক বিদেশ সফর করছেন।
দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী বলেন, “একটি বড় অর্থনৈতিক সংকট আসছে।” তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক মাসে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম আরও বাড়তে পারে। “আপনারা দেখবেন আগামী কয়েক মাসে মূল্যবৃদ্ধি কোথায় পৌঁছায়। পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম কোথায় যায়, সেটাও দেখতে পাবেন”, মন্তব্য করেন কংগ্রেস নেতা৷ রাহুলের দাবি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে সরকার মানুষকে সোনা না কেনা এবং বিদেশ সফর এড়ানোর পরামর্শ দিচ্ছে।
Kolkata,West Bengal
