কলকাতা: উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, টলিগঞ্জের তরফ থেকে। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে, বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ। অভিনেতার মূর্তিতে এ দিন মালা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের বহু কলাকুশলীরাও। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দেব (Dev), জিৎ (Jeet), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এবং অন্যান্য তারকারা। আর এদিন চর্চায় উঠে আসে, ঋতুপর্ণা সেনগুপ্তের শাড়ি।
ঋতুপর্ণার শাড়িতে উত্তমকুমারকে শ্রদ্ধা
উত্তমকুমারকে শ্রদ্ধা জানিয়ে এদিন বিশেষ একটি শাড়ি পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর শাড়ির আঁচলে ফুটিয়ে তোলা হয়েছে, উত্তমকুমার আর সুচিত্রা সেনের ‘এই পথ যদি না শেষ হয়’ গানের আইকনিক সেই দৃশ্য। ঋতুপর্ণার শাড়ির এই আঁচল এদিন নজর কেড়েছে গোটা অনুষ্ঠানে। এমনকি এই ছবিও দেখা গিয়েছে যে, ঋতুপর্ণা সেনগুপ্তের শাড়ির আঁচল নিয়ে কথা বলছেন, দেব, জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মেরুন লম্বা হাতা ব্লাউজের সঙ্গে ঘিয়ে রঙা শাড়ি পরেছিলেন ঋতুপর্ণা, তাঁর সাজের প্রশংসা করেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) ও। মহানায়কের মূর্তিতে মাল্যদান করে, এদিন শ্রদ্ধা জানান ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন সন্ধ্যায় নন্দন থেকে যে পদযাত্রা হয়, সেখানে অবশ্য উত্তমকুমারকে শ্রদ্ধা জানিয়েই সাদা কালো থিমের একটি শাড়ি পরেছিলেন ঋতুপর্ণা।
টলিউডে মহানায়কের জন্মদিন উদযাপন
তাঁরই সিনেমার গান, তাঁরই স্মৃতিচারণা, উত্তমকুমারের জন্মশতবর্ষ উদযাপন করা হল আজ। শতবর্ষের আলোয় মহানায়ক! তাঁকে নিয়েই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নজরুল মঞ্চে। এদিনের অনুষ্ঠানের উদ্য়োক্তা ছিল টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার কালচার অ্য়ান্ড ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী জগতের একাধিক চেনা মুখ। মহানায়কের জন্মদিনে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের এই শিল্পের যে আগের জায়গা ছিল, এটা বাস্তব, অস্বীকার করার উপায় নেই, আমরা খুব ভাল এগোতে পারিনি। অনেকটা পিছিয়ে আছি। যখন দক্ষিণ ভারত বা মুম্বই, পশ্চিম ভারত, তারা অনেকটা এগিয়ে গেছে, আমরা কিন্তু…। আমরা ছিলাম নেতা। এই প্ল্যাটফর্মের নেতা ছিল পশ্চিমবঙ্গ। আমি চাই এই হৃতগৌরবটা ফিরে আসুক।’
আরও পড়ুন: Subhasree-Mimi: এবার পুজোয় মিমি বনাম শুভশ্রী! সৃজিত আর দেবের সিনেমা মুক্তি পাচ্ছে একই সময়ে