কলকাতা: আজ উত্তমকুমারের জন্মশতবর্ষ, গোটা দিনই এদিন মহানায়ককে স্মরণের মধ্যে দিয়ে, তাঁর স্মৃতিচারণা করেই কাটিয়েছে টলিউড। উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, টলিগঞ্জের তরফ থেকে। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে, বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ। অভিনেতার মূর্তিতে এ দিন মালা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের বহু কলাকুশলীরাও। আর এর পরে, বিকেলে নন্দন ও রবীন্দ্র সদন চত্বরে এদিন একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিনের মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের একাধিক কলাকুশলীরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), জিৎ (Jeet), কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ, ছিলেন বিশ্বনাথ, ইন্দ্রাণী হালদার, অঞ্জনা বসু ও অন্যান্যরা। এদিন অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। পদযাত্রাতেও পা মিলিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আজ সকালেও, মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উত্তমকুমারকে সাংস্কৃতিক আইকন বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। ‘সিনেমাকে তাঁর স্ক্রিন প্রেজেন্স নতুন সংজ্ঞা দিয়েছে, শিল্পীদের পরবর্তী প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করেছেন’, সোশাল মিডিয়ায় মহানায়ককে নিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের কাজের সঙ্গে মিঠুন চক্রবর্তী মহাগুরু যুক্ত হন, এরপরে সন্দীপ রায় আসেন, জিৎ-ভাই আসেন। সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ তো রয়েছেন। সবাই মিলে আমরা কাজে নেমে পড়ি। আজ সকালে রঞ্জিত মল্লিকের আগমণে পরমপ্রাপ্তি হয়েছে। মঞ্চে চাঁদের হাট.. কত নাম যে নেব! মহানায়ক উত্তমকুমার আমাদের সবাইকে এক জায়গায় এনে দিয়েছেন। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। কোনো বাধা নেই। গতকাল কে কাকে কী বলেছিলাম… সব ভুলে গিয়েছি। আজ শুধু উত্তমকুমার.. উত্তমকুমার আর উত্তমকুমার… আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব। কেবলমাত্র আমি তাঁর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলে নয়। প্রত্যেক মাসের শেষ রবিবার, তিনি ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন। এই মাসের ‘মন কি বাত’-এ তাঁর ৩০ মিনিটের বক্তৃতায় ৫ মিনিটেরও বেশি ছিল, উত্তমকুমারকে নিয়ে। পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কেউ তাঁকে কিছু বলেননি। সঙ্গে প্রবাদপ্রতীম সত্যজিৎ রায়ের কথাও তিনি বলেছেন ‘মন কি বাত’-এ। আজ একেবারে সকালে প্রধানমন্ত্রী মহানায়ককে নিয়ে পোস্ট করেছেন।
আরও পড়ুন: Subhasree-Mimi: এবার পুজোয় মিমি বনাম শুভশ্রী! সৃজিত আর দেবের সিনেমা মুক্তি পাচ্ছে একই সময়ে