ভিডিওতে দেখা যায়, খেরসন অঞ্চলের একটি শহরের সড়কে এক পথের সবজি বিক্রেতাকে একটি ড্রোন তাড়া করছে। লোকটি মাথার ওপরে ভাসতে থাকা ড্রোনটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি একটি সাদা ভ্যানের চারপাশে দৌড়ালে ড্রোনটি তাঁকে ধাওয়া করে।
জেলেনস্কি টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রথমে ড্রোনটি ওই ব্যক্তির মাথার ওপর ভাসতে থাকে, এরপর একটি সাদা ভ্যানের চারপাশে তাঁকে তাড়া করতে শুরু করে। প্রাণপণে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ড্রোনটি নীচে নেমে এসে তাঁর গায়ে আঘাত করে ফেটে যায়। চিকিৎসকদের মতে, হামলায় ওই ব্যক্তি একাধিক শার্পনেলের আঘাত, মস্তিষ্কে আঘাতজনিত ধাক্কা (কনকাশন) এবং মানসিক ট্রমার শিকার হলেও প্রাণে বেঁচে গিয়েছেন।
ভিডিওটি শেয়ার করে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের নিশানা করছে। তিনি টেলিগ্রামে লেখেন, “বিশ্বকে এটি দেখতে হবে। বিশ্বকে প্রতিটি প্রমাণ দেখতে হবে যে রাশিয়া উন্মাদ হয়ে গিয়েছে এবং রুশ সেনারা মানুষ হত্যা ও তাদের উপর নির্যাতন করে আনন্দ পাচ্ছে।”
ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহাও এই ভিডিওকে “বর্বরোচিত যুদ্ধাপরাধের” প্রমাণ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, এ ধরনের হামলা রাশিয়ার একটি পরিকল্পিত ও ধারাবাহিক কৌশলের অংশ। তিনি বলেন, “এই ড্রোনটি যে ব্যক্তি চালাচ্ছে, সে খুব ভাল করেই জানে যে তিনি একজন সাধারণ নাগরিককে লক্ষ্য করে হামলা করছেন।”
Human Safari in Kherson
Russian troops practice controlling FPV drones on Ukrainian civilians.
Footage filmed today shows a Russian drone deliberately hunting a vegetable seller who clasps his hands in a pleading gesture.
Fortunately, the man survived but sustained injuries. pic.twitter.com/uPIhZCHdp0
— Visegrád 24 (@visegrad24) August 4, 2026
আহত ব্যক্তি, ৫২ বছর বয়সি সবজি বিক্রেতা ইউরি, পরে হাসপাতালের বেড থেকে সেই বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, তিনি এবং তাঁর স্ত্রী সবজির দোকান সাজানো শুরু করেছিলেন, ঠিক তখনই তাঁদের মাথার ওপর একটি ড্রোনের পরিচিত ভনভন শব্দ শুনতে পান।
ইউরির স্ত্রী নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়ে পালিয়ে গেলেও ড্রোনটি তখন তাঁকে টার্গেট বানায়। তিনি যে একজন সাধারণ মানুষ, তা বোঝানোর মরিয়া চেষ্টায় ইউরি জানান, তিনি ড্রোনের ক্যামেরার দিকে রসুনের কয়েকটি গোছা তুলে ধরেছিলেন।
ইউরি বলেন, “ড্রোনটি দেখতে পাচ্ছিল যে আমার সামনে টম্যাটো, কিছু শসা আর বেগুন মাটিতে সাজানো ছিল।” তিনি আরও বলেন, “আমি যখন অন্য পাশ দিয়ে দৌড়ে পালাচ্ছিলাম, তখন ড্রোনটি ছাতার নিচ দিয়েও নেমে আমাকে অনুসরণ করেছিল।”
এর আগে রাশিয়ার ১৯টি অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলায় মৃত্যু হয়েছে ছ’জনের। আহত অনেকে। হামলা চালানো হয়েছে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গেও। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচ জনই মস্কোর। মস্কোর গভর্নর অন্দ্রেই ভরোবিয়ভ জানিয়েছেন, বেলেগোরোদেও কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মস্কোয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোন হামলা হয়েছে। তবে বেশির ভাগ ড্রোনকেই গুলি করে নামানো হয়েছে বলে দাবি গভর্নরের। ক্রাসনোডর অঞ্চলের গভর্নর কোন্দ্রাতিয়েভ জানিয়েছেন, ওই অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।