Last Updated:
যেহেতু ছাদ থেকে পড়ে গিয়েছেন অনীক দত্ত, সেই কারণেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে পরীক্ষা করবেন। পরিচালক যেখান থেকে পড়ে গেছেন অর্থাৎ যেখানে দেহ পড়ে ছিল, সেই জায়গা পরীক্ষা করে দেখা হবে যে নিজে ঝাঁপ দিয়েছেন না কি দুর্ঘটনাবশত পড়ে গিয়ে থাকতে পারেন? এক্ষেত্রে ফরেন্সিক এক্সপার্টরা সেই ঘটনার পুনর্নির্মাণ করতে পারে আজ। তারা দেখবেন ঝাঁপ দিলে কি অবস্থায় পড়েছিলেন পরিচালক। না কি পড়ার ধরন দেখে যাচাই করা হবে এটা দুর্ঘটনা।
কলকাতা: শুক্রবারেই হবে অনীক দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া। পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত ও কন্যা ঐশীর তরফ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, ‘এনটি ওয়ান স্টুডিয়ো’য় শায়িত থাকবে অনীকের দেহ। ইতিমধ্যে সুইডেন থেকে কলকাতায় এসে পৌঁছেছেন অনীকের কন্যা রাই। ‘পিস ওয়ার্ল্ড’-এ প্রয়াত বাবাকে দেখতে পৌঁছে যান তিনি।
বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এনটি ওয়ান (নিউ থিয়েটার) স্টুডিয়োর চতুর্থ তলায় শায়িত থাকবে পরিচালকের দেহ। সেখানে তাঁর পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা পরিচালককে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন। এনটি ওয়ান স্টুডিয়ো থেকেই শুরু হবে শেষযাত্রা।

ইতিমধ্যে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে, তাতে যে ধরনের জখমের কথা বলা হয়েছে সেগুলোও পড়ার ধরনের সঙ্গেও মিলিয়ে দেখা হবে৷ প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তাঁর দেহে অতিরিক্ত রক্তক্ষরণ, অভ্যন্তরীণ প্রচুর রক্তক্ষরণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মাথার বাঁদিকে গুরুতর আঘাত লেগেছিল এবং বাঁদিকের স্কাল বা মাথার খুলির হাড় ভেঙে যায়। বিশেষজ্ঞদের ধারণা, অনেক উপর থেকে পড়ে যাওয়ার ফলে এমন আঘাতের সৃষ্টি হয়েছে। এছাড়াও বাম দিকের পাঁজর ভাঙা, বাম পায়ে গুরুতর আঘাত এবং কোমর চূর্ণবিচূর্ণ হওয়ার মতো একাধিক গুরুতর ক্ষতি ধরা পড়েছে। বাঁদিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্নও পাওয়া গেছে। ফুসফুসে রক্ত জমাট বা হেমোথোরাক্সের উপস্থিতিও নিশ্চিত হয়েছে।
বুধবার দুপুরে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। এরপর সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, অনীক দত্তের পকেটে প্রেসক্রিপশন ছিল। তাতে যে সমস্ত ওষুধের নাম লেখা রয়েছে, তা ডিপ্রেশনের জন্য দেওয়া হয়। বুধবার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনীক দত্ত।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
