তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সেই সময়ে, রুপোলি পর্দায় অলিখিত ব্যান, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattcharya), তবে মঞ্চে তিনি অপ্রতিরোধ্য। সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’, তাঁর গানের দল, ‘হুলিগানইজম’ (Hooliganism)-এর একের পর এক গানের অংশবিশেষ। সেই সময়ে অনির্বাণের গানের একটি অংশের বিরোধিতা করেছিলেন, অভিনেতা এবং বর্তমান বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তাঁর দাবি ছিল, সনাতন ধর্মকে মঞ্চে দাঁড়িয়ে অপমান করেছেন অনির্বাণ ভট্টাচার্য। সেই ‘সনাতনী’ মতবিরোধ পেরিয়ে, এবার একই সিনেমায় কাজ করছেন, অনির্বাণ আর রুদ্রনীল। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
পর্দা ভাগ করবেন অনির্বাণ-রুদ্রনীল, কী সমীকরণ তাঁদের মধ্যে?
নতুন ছবির ঘোষণা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর সেই ছবির কাস্টিংয়েই রয়েছে এই চমক। এবার পর্দা ভাগ করবেন, অনির্বাণ এবং রুদ্রনীল। এই সিনেমায় থাকছেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) এবং রজতাভ দত্ত (Rajatava Dutta)-ও। একটা সময়ে কৌশিক গঙ্গোপাধ্যায় ও টলিউডে কাজ করা নিয়ে সমস্যার মুখোমুখি হয়েছিলেন। দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন অনির্বাণ। ‘তারপর’-এ অনির্বাণ আর রুদ্রনীলকে একসঙ্গে, এক ছবিতে কাস্ট করার পরিকল্পনা কেন করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
পরিচালক বলছেন, ‘এই ছবিটা যখন পরিকল্পনা করেছিলাম, তখনই বিশেষ এই চরিত্রটার জন্য অনির্বাণকে ভেবেছিলাম। তখন সেই কথা ওকেও বলেছিলাম। বলেছিলাম, ‘যদি এই ছবিটা হয়, তাহলে তুমিই অভিনয় কোরো। আশা করি তখন আর ব্যান থাকবে না।’ ঠিক সেটাই হল। অনির্বাণকে ছাড়া এই ছবি হয়তো পরিপূর্ণ হত না।’ একটু থেমে কৌশিক ফের বললেন, ‘অনির্বাণ বয়সে আমার থেকে ছোট, কিন্তু ওকে আমি শ্রদ্ধা করি। একটা সময়ে আমরা সবাই লড়াই করেছিলাম, কাজ করতে আমারও সমস্যা হয়েছিল। কিন্তু আমরা অনেকেই ধীরে ধীরে সেই লড়াইটা থেকে সরে এসেছি। অনির্বাণ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে। এই শিরদাঁড়া সোজা রেখে লড়াইটা যে ও লড়তে পেরেছে, তার জন্য ওকে কুর্ণিশ।’
এক ছবিতে অনির্বাণ আর রুদ্রনীল, ২ জনেই এক কথায় রাজি হয়েছিলেন অভিনয়ে? কৌশিক বলছেন, ‘ওঁরা দুজনেই ভীষণ পেশাদার অভিনেতা। একসঙ্গে এসে বসে চিত্রনাট্য পড়েছেন। মজা করেছেন, উপভোগ করেছেন। শ্যুটিং শুরু হলে, সেখানেও ১০০ শতাংশ দেবেন। কারও রাজনৈতিক মতামত আলাদা হলে, তাঁদের মধ্যে সৌজন্য থাকবে না এটা ভাবা ভুল। একটা সময়ে বিধানসভায় শাসক আর বিরোধীরা বিরতির সময়ে ক্যারাম খেলতেন। আসলে আমরা মানুষের ওপর মাঝে মাঝে রাজনীতিটাকে চাপিয়ে দিই। ওটা মতমতের একটা অংশ, কিন্তু মানুষের থেকে রাজনীতি কখনোই বড় হতে পারে না।’
আরও পড়ুন: Kaushik Ganguly: কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু
Artisan Excellence Award: শাড়ি শিল্পীদের সৃষ্টিকে সম্মান জানাতে, বাটারফ্লাই উইংস ইভেন্টসের উদ্যোগে আয়োজিত হল আর্টিসন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস