সন্দীপ সরকার, কলকাতা: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তিনি। অথচ সেই রোহিত শর্মাকেই নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ২০২৪ সালে হার্দিক পাণ্ড্যকে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরানো হয়েছিল অধিনায়ক হিসাবে। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকেরা মেনে নিতে পারেননি। সমালোচনার ঝড় উঠেছিল।
সেই রোহিত শর্মাই কি ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হচ্ছেন?
বুধবার মুম্বই ইন্জিয়ান্সের তরফে জানানো হয়েছে, হার্দিক পাণ্ড্যকে ট্রেডিং মারফত পঞ্জাব কিংসকে দিয়েছে তারা। বিনিময়ে পেয়েছে পঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিংহকে। তারপরই জল্পনা শুরু মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে। অনেকেই রোহিতের কথা বলছেন। কারও কারও মতে, রোহিতকে অধিনায়ক করা মানে ভবিষ্যতের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মুম্বই ইন্ডিয়ান্স নিশ্চয়ই এমন কাউকে অধিনায়ক করতে চাইবে যিনি আগামী অন্তত ৩-৪ বছর দলের নেতৃত্ব সামলাবেন। ভেসে আসছে সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাদের নাম।
এদের মধ্যে সূর্যকুমার টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জিতেছেন। সম্প্রতি তাঁকে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির জন্য অধিনায়ক নির্বাচিত করেছে মুম্বই রাজ্য ক্রিকেট সংস্থা। তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হতে পারে। আবার কারও কারও ভোট বুমরার দিকে। মুম্বই ইন্ডিয়ান্সের সেরা পেস অস্ত্র। দীর্ঘ অভিজ্ঞতা। টি-২০ ক্রিকেটের অসাধারণ বোধ। বুমরাও ভালমতোই থাকবেন দৌড়ে। কেউ কেউ আবার তিলক বর্মার নামও ভাসিয়ে দিচ্ছেন। ভারত এ দলের নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলে সহ অধিনায়ক হিসাবেও দেখা গিয়েছে। সবচেয়ে বড় কথা তিলক অধিনায়ক হওয়া মানে অন্তত বছর পাঁচেক কিছু ভাবতে হবে না মুম্বইকে।
কবে ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম? বুধবার জানিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, সবকটি সম্ভাব্য নাম নিয়ে আলোচনা চলছে। অধিনায়ক হিসাবে যাঁকে সেরা মনে হবে, তাঁকেই দায়িত্ব দেওয়া হবে। তবে অধিনায়ক নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না মুম্বই। জানানো হয়েছে, সঠিক সময়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।
এবিপি লাইভ বাংলা সহ দেশের প্রথম সারির সংবাদমাধ্যমকে পাঠানো বিবৃতিতে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম মালিক আকাশ অম্বানি বলেছেন, ‘হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। ক্রিকেটার হিসাবে ওঁকে পরিণত হতে দেখেছি। ছাপ ফেলতে দেখেছি। ওঁর অবদান আমরা ভুলব না।’
আরও পড়ুন: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার