Last Updated:
SC Grants Anticipatory Bail To Congress Pawan Khera: পবন খেরার জন্য বড় স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট শুক্রবার কংগ্রেসের এই নেতাকে আগাম জামিন মঞ্জুর করেছে।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা পবন খেরা ৷ আগাম জামিন পেলেন তিনি। গ্রেফতারির আশঙ্কায় গুয়াহাটি হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সেখানে মঞ্জুর হল আবেদন। তাঁর বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির মামলা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়ার প্রসঙ্গে সম্প্রতি কিছু মন্তব্য করেন পবন। ওই মন্তব্যের জেরে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। সম্প্রতি গুয়াহাটি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন। শুনানি শেষে বৃহস্পতিবার ওই মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি এ এস চান্দুরকরের বেঞ্চ। অবশেষে শুক্রবারেই এল পবনের জন্য স্বস্তির খবর ৷
তিনি দাবি করেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন রিনিকি এবং হিমন্ত নিজেও। সেই মন্তব্যের পরই রিনিকি মানহানির মামলা করেন। দায়ের হয় এফআইআর।
তাঁকে গ্রেফতার করে অসম্মান করার কোনও দরকার নেই। আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছিলেন পবন খেরা। অন্য দিকে অসম সরকারের অভিযোগ, পবন পালিয়ে বেড়াচ্ছেন। দু’পক্ষের বক্তব্য শুনে পবনের আগাম জামিনের আর্জিতে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। অবশেষে শুক্রবার পবন খেরার জন্য বড় স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট কংগ্রেসের এই নেতাকে আগাম জামিন মঞ্জুর করেছে।
Kolkata,West Bengal
