কলকাতা: ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই.. অবশেষে অপেক্ষার অবসান। ‘দাদাগিরি’ (Dadagiri)-র নতুন প্রোমোতে খোঁজ মিলল নতুন দাদা-র। বছরের পর বছর ধরে, ‘দাদাগিরি’ আর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ছিলেন কার্যত সমার্থক। ‘দাদা’ বললেই, বাঙালির মনে ভেসে উঠত সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবিই। যখন তিনি ২২ গজে খেলতেন, তখন তাঁর দলের সবাই তাঁকে ‘দাদি’ বলে সম্বোধন করতেন। সেই ‘দাদি’-ই ‘দাদাগিরি’-র সৌজন্যেই পৌঁছে গিয়েছিলেন, বাংলার ঘরে ঘরে। তবে সেই দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে, অন্য শো-এর সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন সৌরভ। আর তারপর থেকেই বিভিন্ন নাম ভেসে বেড়াচ্ছিল যে, কে দায়িত্ব নেবে ‘দাদাগিরি’-র সঞ্চালনার?
‘দাদাগিরি’-র ব্যাটন কার কাঁধে? অবশেষে খোলসা!
সেই অপেক্ষার অবসান, ‘দাদাগিরি’-র নতুন সঞ্চালক হিসেবে দেখা যেতে চলেছে, দেব (Dev)-কে। ২৬ জুন, রাত ১২টার পরে প্রকাশ্যে এল, ‘দাদাগিরি’-র নতুন প্রোমো। আর সেখানেই দেখা গেল দেব-কে। স্বমহিমায়। যে প্রোমো প্রকাশ্যে এসেছে, তা বেশ মজার ছলেই। দেবকে কাঁধে ‘দাদাগিরি’-র সঞ্চালনার দায়িত্ব যেতে পারে, এই খবর ছড়িয়ে পড়তেই, অনেকে কটাক্ষ করেছিলেন। প্রোমোতেও যেন দেখা গেল, সেই ঝলক! প্রোমোতে গল্প বোনা হয়েছে এভাবেই যে, ‘দাদাগিরি’-র অফার পেলেও, কিছুতেই সঞ্চালনায় রাজি হচ্ছেন না দেব। তিনি রীতিমতো স্বপ্ন দেখে, চমকে ঘুম ভেঙে উঠে বসছেন! কখনও আবার, বাড়ির পরিচারিকা থেকে শুরু করে মা, সবাই বললেও তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে, ‘দাদাগিরি’ -র সঞ্চালনার দায়িত্ব তাঁর আদৌ নেওয়া উচিত কি না! কারণ তাঁর মনে হচ্ছে, ‘কোথায় দাদা আর কোথায় আমি।’
শেষমেশ ময়দানে নামতে হয়, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) আর যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)-কে। এই ২ অভিনেতা ইতিমধ্যেই বড় শো-এর সঞ্চালনার গুরুদায়িত্ব সামলেছেন। তাঁরা দেবকে বোঝান যে, তাঁরা যদি পারেন, তাহলে দেব ও পারবেন। সেই মতো, ‘দাদাগিরি’-র ব্যাটন এবার দেবের হাতে। তবে তাঁর বার্তা, ‘দাদাগিরি না করেও, দাদাগিরি করা যায়।’ বাঙালি এমনিতে বেশ গোঁড়া, নতুন কিছুকে সমালোচনার চোখে দেখতেই সে অভ্যস্ত। সেই পরীক্ষায় দেব কোন ম্যাজিকে উৎরে যাবেন, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: Aparajita Auddy: রহস্যের আড়ালে আসলে প্রতিশোধের গল্প! ছকভাঙা চরিত্রে অপরাজিতা আঢ্য
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি