Last Updated:
হায়দরাবাদের সাসপেন্ড হওয়া সরকারি আধিকারিক থুম্মাকোম্মা সুচরিতার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। সুচরিতা ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৫.০৫ কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
হায়দরাবাদ: হায়দরাবাদের বরখাস্ত সরকারি আধিকারিক থুম্মাকোম্মা সুচরিতার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিসপ্রোপোরশনেট অ্যাসেটস) মামলার রুজু করেছে দুর্নীতি দমন শাখা (এসিবি)। তাঁর এবং তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যুক্ত একাধিক স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ৫.০৫ কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়ার দাবি করেছে তদন্তকারী সংস্থা।
সুচরিতা শামিরপেটের তহসিলদার ও যুগ্ম সাব-রেজিস্ট্রার পদে কর্মরত ছিলেন। এর আগে ৩০ লক্ষ টাকার ঘুষকাণ্ডে গ্রেফতার হন তিনি। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসিবি আধিকারিকরা সুচরিতার বাসভবন-সহ তাঁর আত্মীয়স্বজন, অভিযুক্ত বেনামি মালিক এবং ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালান।
দুর্নীতি দমন শাখার দাবি, তল্লাশিতে সিদ্ধিপেটে ২.১৭ একর কৃষিজমি, হায়দরাবাদে তিনটি ফ্ল্যাট, দুটি প্লট, একটি ভক্সওয়াগেন ও একটি হুন্ডাই ক্রেটা গাড়ি, প্রায় ১.২ কোটি টাকার সোনা ও হিরের গয়না, ১২ লক্ষ টাকা নগদ এবং ৩৮ লক্ষ টাকার ব্যাঙ্ক আমানতের সন্ধান মিলেছে।
তদন্তকারী সংস্থার হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সম্পদের মোট মূল্য প্রায় ৫.০৫ কোটি টাকা। তবে আধিকারিকদের মতে, সংশ্লিষ্ট সম্পত্তিগুলির বাজার মূল্য এর চেয়ে অনেক বেশি হতে পারে। এসিবির অভিযোগ, চাকরিজীবনের সময় সুচরিতা দুর্নীতি এবং বিভিন্ন অসাধু উপায়ে তাঁর পরিচিত আয়ের উৎসের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আয়বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে। কোন কোন উপায়ে কিনি ওই বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন তার খোঁজ চলছে, একই সঙ্গে তাঁ সঙ্গে যারা জড়িত ছিল তা নিয়েও তল্লাশি করছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
