দীর্ঘ ১০ বছর পরে, একসঙ্গে কাজ করছেন দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। পুজোয় আসছে তাঁদের নতুন সিনেমা, ‘দেশু7’। আর সেই ছবির প্রচারের মধ্যেই উঠে আসছে, নানা গল্প।

আজ মুক্তি পেল, দেব আর শুভশ্রীর নতুন গান। আর এদিন সোশ্যাল মিডিয়া লাইভে এসে, দেব আর শুভশ্রী একে অপরকে নিয়ে অজানা সব গল্প প্রকাশ্যে আনলেন।

এদিন লাইভের সঞ্চালিকা দেব এবং শুভশ্রীকে প্রশ্ন করেন, এই ১০ বছরে কতটা বদলালেন দেব এবং শুভশ্রী? কী উত্তর দিলেন তাঁরা?

প্রথমে শুভশ্রী বলেন, ‘আমরা ২ জনেই অনেকটা বদলে গিয়েছি।’ এবং তারপরে শুভশ্রী বলেন, তিনিই বেশি বদলে গিয়েছেন, গত ১০ বছরে।

আর এরপরে দেবের দিকে একই প্রশ্ন করা হয়, উত্তরে দেব স্মৃত হেসে বলেন, তাঁর মনে হয়, তাঁদের মধ্যে কিছুই বদলায়নি। এই উত্তর শুনে সঞ্চালিকা নিজেই আপ্লুত হয়ে পড়েন। হেসে ওঠেন সবাই।

অন্যদিকে, এদিন দেব আর শুভশ্রী ২ জনেই টুকরো টুকরো সব গল্প প্রকাশ্যে নিয়ে আসেন। দেব বলেন, এই কথা সবাই বিশ্বাস করবেন যে, এই ছবিতে অপূর্ব দেখিয়েছে শুভশ্রীকে।

পাশাপাশি দেব আরও বলেন, একটা সময়ে সিঙ্গল স্ক্রিন ভরে যেত, দেব এবং শুভশ্রীর ছবি দেখার জন্য। সিনেমাহলে টাকা উড়ত, দর্শকেরা চেয়ার ভাঙতেন। সেই যুগ আবার ফিরে পেতে চান দেব।

শুভশ্রী বলেন, দীর্ঘদিন তিনি অন্য স্বাদের ছবিতে অভিনয় করে আসছেন। তিনি আগের মতো সিনেমায় নাচ করতে চেয়েছিলেন। ‘দেশু7’ তাঁকে সেই সুযোগ এনে দিয়েছে বহুদিন পরে।

দেব আরও বলেছেন, তিনি শুভশ্রীর সঙ্গে দীর্ঘদিন থেকেই অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু চিত্রনাট্য পছন্দ হচ্ছিল না। এরপরে তিনি যখন শুভশ্রীর সঙ্গে ছবি ঘোষণা করেন, তখনও চিত্রনাট্য নিয়ে, পরিচালনা নিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি তিনি।

অন্যদিকে এদিন শুভশ্রী বলেন, তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে, দেব পরিচালনার এত খুঁটিনাটি কোথা থেকে শিখলেন? দেবের পরিচালনার প্রশংসাও করেন তিনি।
Published at : 17 Sep 2026 12:49 AM (IST)