নয়াদিল্লি: ৫৪ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম দিলেন গ্রিসের এক মহিলা। তবে স্বাভাবিক উপায়ে নয়, হিমায়িত ভ্রূণ গর্ভে ধারণ করে ফুটফুটে সন্তান প্রসব করেছেন তিনি। এক-দু’বছর নয়, দীর্ঘ ২২ বছর হিমায়িত অবস্থায় ছিল ভ্রূণটি। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসা বিজ্ঞানের জগতে। এই ঘটনায় IVF-এর দুনিয়ায় নয়া মাইলফলক তৈরি হল বলে মনে করছেন চিকিৎসকদের একাংশই। (Embryo Frozen for 22 Years)
গ্রিসের বাসিন্দা ক্রিস্টিনা রাপ্তি-জ়েলেপি এবং তাঁর স্বামী কনস্ট্যানটিনোজ় রাপ্তিজ়ের জীবনে গত ৯ সেপ্টেম্বর কন্যাসন্তানের আগমন ঘটেছে। ২০০৪ সালের মার্চ মাসে ভ্রূণ হিমায়িত করে রেখেছিলেন ক্রিস্টিনা। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাঁর গর্ভে প্রতিস্থাপন করা হয় ভ্রূণটি। শেষ পর্যন্ত ৯ সেপ্টেম্বর কন্যাসন্তান প্রসব করেন ক্রিস্টিনা। জন্মের সময় শিশুর ওজন ছিল ৩.৪৯ কেজি। (Medical Science)
আরও পড়ুন: বয়স ৩৫ পেরিয়েছে? এই মেডিক্যাল টেস্টগুলি না করালেই নয় মেয়েদের
আজ থেকে ২২ বছর আগে ভ্রূণ হিমায়িত করে রেখেছিলেন ক্রিস্টিনা। একটি ভ্রূণ থেকে আগেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি। গত বছর পথ দুর্ঘটনায় মারা যান ২১ বছর বয়সি সেই ছেলে। এর পরই অন্য ভ্রূণটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন ক্রিস্টিনা এবং তাঁর স্বামী। আর তাতেই ফুটফুটে কন্যা জন্ম নিয়েছে। দীর্ঘ দু’দশকের বেশি সময় ধরে হিমায়িত থাকা ভ্রূণ থেকে ফুটফুটে শিশুর জন্মে শোরগোল পড়ে গিয়েছে।
তবে এই সাফল্যে বেশ কিছু প্রশ্নও উঠছে। অনেকেই জানতে চাইছেন, হিমায়িত ভ্রূণর কি বয়স বাড়ে? হিমায়িত ভ্রূণর কোনও ‘এক্সপায়ারি ডেট’ থাকে কি? এর জবাব দিতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের যেভাবে বয়স বাড়ে, হিমায়িত ভ্রূণর বয়স সেভাবে হিসেব হয় না। একেবারে ঠান্ডা পরিবেশে, -১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষিত থাকে ভ্রূণ। এর ফলে জৈবিক প্রক্রিয়া, বয়স বৃদ্ধি আটকে থাকে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হেয়ার-মেকআপের খরচ ৪ কোটি ৪৯ লক্ষ, হিসেব দিল ইজ়রায়েল
American Society for Reproductive Medicine জানিয়েছে, ভ্রূণ সংরক্ষণের ক্ষেত্রে একেবারে বিধি অনুযায়ী চলতে হবে। IVF ল্যাবের নজরদারি প্রয়োজন এক্ষেত্রে, সময়ে সময়ে তরল নাইট্রোজেনের মাত্রা, স্টোরেজ সিস্টেম পরখ করে দেখতে হয়। অর্থাৎ ২০০৪ সালে সংরক্ষণ করা ভ্রূণের বয়স মোটেই ২২ বছর হয় না। শুধু সংরক্ষণের সময় বাড়ে। কোষগুলি হিময়িত অবস্থাতেই থাকে।
সম্প্রতি Human Reproduction Open-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে ২ লক্ষ ৫০ হাজার ভ্রূণ নিয়ে তৈরি ২৩টি রিপোর্ট তুলে ধরা হয়। গবেষকরা জানান, পাঁচ বছরের বেশি সময় ধরে সংরক্ষিত রাখলে ভ্রূণের বেঁচে থাকার সম্ভাবনা কমতে থাকে। কিন্তু সংরক্ষিত ভ্রূণের নির্দিষ্ট ‘এক্সপায়ারি ডেট’ এখনও পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি। হিমায়িত করার আগে ভ্রূণের স্বাস্থ্য কেমন ছিল, কী ভাবে সেটিকে সংরক্ষণ করা হচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করে বলে মত বিশেষজ্ঞদের।
এক্ষেত্রে মায়ের বয়সও গুরুত্বপূর্ণ। গ্রিসে ৫৪ বছর বয়স পর্যন্ত IVF-এর মাধ্যমে মা হওয়ার অনুমতি রয়েছে। ক্রিস্টিনার বয়স ৫৪ বছরই। তবে এই একটি ঘটনা দিয়ে ভ্রূণের মেয়াদ ঠিক করা যাবে না বলে মত বিশেষজ্ঞদের। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মানছেন সকলেই।