কলকাতা: আলাপ, স্কুলের ব্যাগের চিঠির সূত্রে… আর সেই চিঠিই যেন বেঁধে দিল তাঁদের যোগসূত্র। তাঁদের গল্প, জীবনের ওঠাপড়া, পরিবর্তন.. সবটাই চিঠির হরফে দেখা হয়ে রয়ে গেল। ৯০-এর দশকের শেষের দিকে, তোলপাড় ফেলেছিল অর্ণব-জয়িতার প্রেম। অঞ্জন দত্তের (Anjan Dutt) লেখা ‘প্রিয় বন্ধু’ আজও এক ঝটকায় অনেক বাঙালিকেই ফিরিয়ে নিয়ে যেতে পারে, তাঁদের কলেজের দিনে। বা তারও আগে। স্কুলজীবনে প্রথম প্রেম, আবেগ, তারপরে বদলে যাওয়া জীবন, দায়িত্ব আর শিকড়ের খোঁজ, এই সবটাকেই অঞ্জন দত্ত কলমে বেঁধেছিলেন। অর্ণব আর জয়িতার চিঠি চালাচালিতে ফুটে ওঠা এক অদ্ভুত, না পরিণতি পাওয়া প্রেমের গল্প। প্রেমে পড়েও, বন্ধু হয়ে থেকে যাওয়ার গল্প। ‘প্রিয় বন্ধু’। ২২ বছর পরে, সেই ‘প্রিয় বন্ধু’ আূার ফিরছে। তবে এবার শ্রুতি নাটকে নয়, ওয়েব সিরিজে! এবার অর্ণব আর জয়িতার প্রেম শুধু কল্পনায় নয়, বাস্তবে দেখবেন মানুষ!
২২ বছর আগের এক প্রেমের গল্প, ফিরছে ওয়েব সিরিজের পর্দায়
২২ বছর বাদে ফিরছে অর্ণব আর জয়িতার গল্প। ফিরছে ১৯৯৮-এর বঙ্গ জীবনে ঝড় তোলা, অঞ্জন দত্তের শ্রুতিনাটক ‘প্রিয় বন্ধু’। তবে এবার অডিওর কাল্পনিক প্রেম কাহিনির গণ্ডী পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মে। জি ফাইভে (Zee Five) স্ট্রিম হবে অঞ্জন দত্তের প্রিয় বন্ধু। অঞ্জনের সঙ্গে অভিনয় করেছেন সোহম মজুমদার (Soham Majumdar) আর শ্রুতি দাস (Shruti Das)। জয়িতার কাছে এবার কোন না বলা কথা বলতে ফিরে এসেছে অর্ণব? দুই দশক পেরিয়ে নিজেদের অতীত ফিরে দেখবে তাঁরা? নাকি সময়ের চাহিদায় তাঁরা খুঁজে পাবে এই প্রজন্মের জয়িতা-অর্ণবকে? সেই উত্তর মিলবে নতুন ওয়েব সিরিজে।
অর্ণবের ভূমিকায় সোহম এবং জয়িতার ভূমিকায় শ্রুতির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। পুরনো দিনের কথা, অর্ণব জয়িতার বন্ধুত্বের মোড়ে এক ভালগালা, এক প্রেমের গল্প ফুটে উঠবে এবার ওয়েব সিরিজের পর্দায়। শিকড়ের টানে অর্ণবের কলকাতা ছাড়তে না চাওয়ার জেদ, তৎকালীন কলকাতার রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি, জয়িতার বাঁধন ছাড়া স্বাধীনতা, নিজের শর্তে বাঁচার স্বপ্ন… সবকিছুই যেন বাঙালিকে এক ঝটকায় ফিরিয়ে নিয়ে যাবে বাঙালিকে ২২ বছর আগের স্মৃতিতে। অর্ণব জয়িতার না বলা কোন কথা এবার উঠে আসবে পর্দায়, সেই নস্ট্যালজিয়াতেই ভাসতে তৈরি বাঙালি। সিরিজে দেখা যাবে অঞ্জন দত্তকেও।