কলকাতা : আবার কালীঘাট থানার ওসি বদল। শনিবার আগ্নেয়াস্ত্র হাতে তুলে বিতর্কে জড়িয়ে পড়া অফিসার গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার। দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে। তারপর ২৪ ঘণ্টার ব্যবধান। সেই নির্দেশিকা বাতিল করে এবার কালীঘাটের ওসি করা হল বলাই বাগকে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই। তাঁকেই কলকাতা দক্ষিণের কালীঘাট থানার ওসি করা হয়েছে। নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ।
উল্লেখ্য, সমাজমাধ্যমে বিতর্কিত ছবি পোস্ট করে শাস্তির মুখে পড়তে হয় কালীঘাটের থানার প্রাক্তন ওসি গৌতমকে। শুক্রবার রাতে ওই ছবিকে ‘আপত্তিকর’ বলে দাবি নির্বাচন কমিশন এবং লালবাজারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার। সেই ছবিতে দেখা গিয়েছিল, হাতে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে নিজের চেয়ারে বসে রয়েছেন গৌতম। পরনে পুলিশের উর্দি। তৃণমূলের দাবি, এই ছবি নির্বাচনী বিধি ভঙ্গের সামিল।