Last Updated:
CM Suvendu Adhikari: রাজ্যে রেলের অভাবনীয় উন্নয়নে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্র-রাজ্য জমি জটে বছরের পর বছর আটকে থাকা প্রকল্পের গতি আনতে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা: প্রথম রেল-রাজ্য মেগা বৈঠক। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে শুনলেন জনপ্রতিনিধিদের বক্তব্য। আর সেখান থেকেই একগুচ্ছ বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালাবদলের পর রেলের অগ্রগতিতে বুলেট ট্রেন-সহ বাংলার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়ে দিলেন রেলমন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন, “সরকারের ১ মাস হয়নি। তার আগেই কাজ শুরু করা হয়েছে। আজ রেলমন্ত্রী একাধিক কাজ করতে করতে এসেছেন। আগের সরকারের সঙ্গে কেন্দ্র-রাজ্য যুদ্ধ যুদ্ধ ভাব ছিল। সম্পর্ক খারাপ নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর কাজ থেকে রাজ্য বঞ্চিত হয়েছিল। এবার এক লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। এটা আজকের আউটকাম। ১০২ নতুন অমৃত ভারত স্টেশন আধুনিকীকরণের কাজ, ৫৩৮ রেল রোড ওভার ব্রিজ ও সাবওয়ে হবে।”
পূর্বতন তৃণমূল সরকারের তুলনা টেনে বিনিয়োগের হিসেবে ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, “আগের সরকার সাহায্য করেনি। ইউপিএ পিরিয়ডে বাংলা ৪৩৮০ কোটি টাকা পেয়েছিল। এখন মোদি জী এক বছরে ১৪২০৫ কোটি টাকা দিয়েছেন। এর সঙ্গে বাকি থাকা কাজে এনওসি দিলে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের সুযোগ আসবে। আপনারা খুশি হবেন।”
একইসঙ্গে জমি জট কাটা নিয়ে শুভেন্দু জানান, “৪০ এনওসি সাবওয়ে, ৬০ প্রজেক্ট যা বোর্ড জমি চেয়েছিল সেটা দেওয়া হচ্ছে। বিএসএফকে সীমান্ত সুরক্ষার জন্য দিয়েছি। রেলের মেজর মিশন (৬১)-এ আমরা জমি দিচ্ছি। উত্তর থেকে দক্ষিণ, জঙ্গলমহল, নন্দীগ্রামের জমি দেওয়া হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, লালগড়, হিলি, সুন্দরবন যা রেল মানচিত্রের বাইরে আছে তা দেওয়া হবে।রেল বোর্ড ১০০% টাকা দেবে। প্রয়োজনে রাজ্য জমি অধিগ্রহণ করবে। ক্যালেন্ডার বানান কবে কোথায় কতটা জমি দিতে পারবেন। ডাবল ইঞ্জিন যথাযথ কাজ করছে। বাংলার মানুষ ডাবল ইঞ্জিনের টেস্ট পাবে। রেল বাংলাকে পুনঃনির্মাণ করছে।”
Kolkata,West Bengal
