Last Updated:
Calcutta High Court: ভোটার কার্ড শুধুমাত্র ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ, নাগরিকত্ব সংক্রান্ত একটি হেবিয়াস কর্পাস মামলার বিশেষ পর্যবেক্ষণে জানাল হাইকোর্ট৷
অর্ণব হাজরা, কলকাতা: কোনও নাগরিকের নাগরিকত্ব নিয়ে সন্দেহ হলে তা দূর করতে ওই নাগরিককেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেই দায় রাষ্ট্রের উপর চাপান যায় না। বিদেশি বলে কাউকে সন্দেহ করা হলে তাঁকেই নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আইনেই তার উল্লেখ রয়েছে বলে একটি হেবিয়াস কর্পাস মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বাংলাদেশী সন্দেহে আটক রয়েছেন নাসির মোল্লা৷ তাকে ফিরে পেতে হাইকোর্টে মামলা করেন সুমন মোল্লা নামের এক ব্যক্তি৷ সেই হেবিয়াস কর্পাস মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিল হাইকোর্ট৷
বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানায়, অভিবাসন এবং বিদেশি আইন ২০২৫ অনুযায়ী, বিদেশি বলে সন্দেহ হলে নিজের নাগরিকত্ব প্রমাণ করার দায় সংশ্লিষ্ট ব্যক্তির উপরই থাকবে।
পাশাপাশি, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনকি জমির রেকর্ড থেকেও ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত ভাবে প্রমাণ হয় না বলে জানায় হাইকোর্ট। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটার কার্ড শুধুমাত্র ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ। আধার কার্ড এবং প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আইনজীবী সৌভিক নন্দী জানান, হাইকোর্ট অনেক সুযোগ দেয় মামলাকারী সুমন মোল্লাকে। হোল্ডিং সেন্টারে থাকা ভাইপোর নাগরিকত্ব প্রমাণের সুযোগ দেওয়া হয়৷ আইনজীবী সৌভিক নন্দী আরও জানান, ‘‘মামলাকারী কাকার বয়স ৩৮ বছর আর ভাইপোর বয়স ৪৬ বছর কীভাবে হয়। আটক ব্যাক্তি বলতে পারছেন না তাঁর বাবা কোথায় থাকতেন ভারতের। মা কোথায় থাকতেন। সবকিছু দিক খতিয়ে দেখেই রায় দিয়েছে হাইকোর্ট।’’
Kolkata,West Bengal
Jul 29, 2026 10:46 PM IST
