Last Updated:
MLA Surprise Visit: গ্রামীণ এলাকার পশু চিকিৎসা ও ওষুধ সরবরাহে গাফিলতির অভিযোগ আসতেই সরাসরি ব্যবস্থা নিলেন জঙ্গলমহলের নবনির্বাচিত প্রতিনিধি। রাইপুরের বিএলডিও অফিসের কর্মচারীদের হাজির হতেই দেখা গেল আজব কাণ্ড।
রাইপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: হঠাৎ করে সরকারি দফতরে নবনির্বাচিত বিধায়ক, হুলুস্থূল কাণ্ড বাঁকুড়ার জঙ্গলমহলে। পশু চিকিৎসা পরিষেবা নিয়ে মানুষের অভিযোগের ভিত্তিতে রাইপুর ব্লক প্রাণিসম্পদ বিকাশ আধিকারিক (বিএলডিও) দফতরে হঠাৎ পরিদর্শনে যান রাইপুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। সঙ্গে ছিলেন বিডিও উদয় নারায়ণ দে। দফতরে উপস্থিত এক পশু চিকিৎসকের সঙ্গে পরিষেবা ও কর্মী সংকট নিয়ে আলোচনা করেন বিধায়ক। তবে সংশ্লিষ্ট আধিকারিককে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে উপস্থিত কর্মীরা তার অনুপস্থিতির সঠিক কারণ জানাতে পারেননি বলে অভিযোগ।
বিধায়ক বলেন, “এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পরিষেবা ঠিকমতো মিলছে না। তাই খোঁজ নিতে এসেছিলাম। শুনলাম আধিকারিক দু’দিন অফিসে আসেননি। ফোনও তোলেন না। একজন দায়িত্বশীল আধিকারিকের ফোন ধরা উচিত বলে আমি মনে করি। তবে আগামী দিনে নিশ্চয়ই তার সঙ্গে দেখা হবে। আমরা চাই, সাধারণ মানুষ যাতে আরও ভাল পরিষেবা পান, সেই বিষয়টি নিশ্চিত করা হোক।”
সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। দফতর সূত্রে জানা যায়, আধিকারিক নাকি অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। এদিকে বিধায়কের আকস্মিক পরিদর্শনের ঘটনাকে ঘিরে দফতরে কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন তিনি। বিশেষ করে পশু চিকিৎসা পরিষেবা, ওষুধ সরবরাহ, কর্মীসংকট এবং গ্রামীণ এলাকার পশুপালকদের সমস্যার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবার মানোন্নয়নের উপর জোর দেন বিধায়ক।
যদিও সংশ্লিষ্ট ব্লক প্রাণিসম্পদ বিকাশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দফতর সূত্রে দাবি, তিনি অসুস্থতার কারণে গত কয়েকদিন অফিসে উপস্থিত থাকতে পারেননি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী দিনে পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
Bankura,Bankura,West Bengal
MLA Surprise Visit: বাঁকুড়ার সরকারি দফতরে নয়া বিধায়কের ‘সারপ্রাইজ ভিজিট’-এ তুলকালাম, উধাও আধিকারিক, যোগাযোগ হল ফোনেও