Last Updated:
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেখানে এই দুর্যোগ চলবে। তবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার আবার বাড়তে পারে ঝড়বৃষ্টি।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উত্তরবঙ্গে আজ, সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি চলবে সপ্তাহভর। সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝড়বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে, কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে।
এদিকে অনেকটাই এগলো বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে ঢুকে পড়েছে নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামের সম্পূর্ণ এলাকায়। এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম এবং ত্রিপুরার কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী ৩-৪ দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ছত্তিশগড় এবং ওড়িশাতে ঢুকে পড়বে মৌসুমী বায়ু।
উত্তরবঙ্গের আবহাওয়া:
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
গরম এবং অস্বস্তির সঙ্গেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে গরম এবং অস্বস্তি থাকলেও দুপুর বা বিকেলের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায়।
মঙ্গল ও বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কালবৈশাখীর সতর্কতা বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার থেকে। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টিতে উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া সমুদ্রপৃষ্ঠে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের।
Kolkata,West Bengal
