Last Updated:
Mango Price: উৎসবের মরশুম আসতেই আমের মিষ্টি গন্ধে ম ম করছে শিলিগুড়ির বৃহত্তম পাইকারি বাজার। মালদহ থেকে ট্র্যাকভর্তি সুস্বাদু ফল এসে পৌঁছনোয় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। সিকিম ও অসম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এখান থেকে দেদার আম সরবরাহ করা হচ্ছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: জামাইষষ্ঠীর আর ক’দিন বাকি। তার আগেই আমের মিষ্টি গন্ধে ভরে উঠেছে শিলিগুড়ির বৃহত্তম পাইকারি বাজার রেগুলেটেড মার্কেট। এতদিন দক্ষিণ ভারতের আম বাজার দখল করে রাখলেও এখন ছবিটা বদলাতে শুরু করেছে। মালদহ থেকে ট্রাকভর্তি হিমসাগর, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগ-সহ একাধিক জনপ্রিয় জাতের আম এসে পৌঁছেছে বাজারে। ফলে ব্যবসায়ীদের মুখে হাসি ফিরেছে, আর ক্রেতারাও পছন্দের আম কিনতে ভিড় জমাচ্ছেন।
উত্তর-পূর্ব ভারতের অন্যতম বড় কৃষিপণ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট থেকে প্রতিদিন সিকিম, অসম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যে ফল ও সবজি সরবরাহ হয়। সেই বাজারেই এখন আমের রমরমা। ব্যবসায়ীদের দাবি, মালদহের আসল হিমসাগর বাজারে আসতেই চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছে। কিছুদিন আগেও কৃষ্ণনগরের হিমসাগর বিক্রি হলেও এখন বাজারের দখল নিয়েছে মালদহের আম। বর্তমানে বাজারে হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, ফজলি থেকে শুরু করে উত্তরপ্রদেশের জনপ্রিয় দশেহরি আমও মিলছে। হিমসাগর বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকা, ল্যাংড়া ২০ টাকা এবং লক্ষণভোগ ১৮ টাকা দরে। তবে বিক্রির নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে হিমসাগর ও ল্যাংড়া। স্বাদ, গন্ধ এবং সুলভ দামের কারণে এই দুই জাতের আমের প্রতিই ক্রেতাদের ঝোঁক বেশি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।
শিলিগুড়ি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শিবকুমার বলেন, দক্ষিণ ভারতের আমের মরশুম শেষ হওয়ার পর থেকেই বাংলার আমের জন্য অপেক্ষা করছিলেন ব্যবসায়ীরা। মালদহের আম বাজারে আসতেই সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁর মতে, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বাজারে মালদহের আমের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে আগামী কয়েক সপ্তাহ ব্যবসা আরও ভাল হবে বলেই আশাবাদী তিনি।
জামাইষষ্ঠীকে কেন্দ্র করে প্রতি বছরই আমের বাজারে আলাদা উন্মাদনা তৈরি হয়। আর এবার সেই উৎসবের আগেই মালদহের সুস্বাদু আমে ভরে উঠেছে শিলিগুড়ির বাজার। ব্যবসায়ীদের আশা, উৎসবের মরশুমে বিক্রি আরও বাড়বে। অন্যদিকে ক্রেতারাও এক ছাদের তলায় বিভিন্ন জেলার ও বিভিন্ন প্রজাতির আম পাওয়ায় খুশি। সব মিলিয়ে আমের মিষ্টি স্বাদে জমে উঠেছে শিলিগুড়ির বাজার।
Siliguri,Darjeeling,West Bengal
Mango Price: শিলিগুড়িতে ঢুকল ট্রাকভর্তি মালদহের বিখ্যাত হিমসাগর, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগ! চাঙ্গা আমের বাজার, জানুন লেটেস্ট দাম