Last Updated:
Mamata Banerjee on Niti Ayog: আর এইবার নীতি আয়োগের বৈঠকে উত্তরবঙ্গ নিয়ে আলাদা প্রস্তাব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাখতে চলেছেন বলেই সূত্রের খবর। গতকাল রাত পর্যন্ত দফায় দফায় তা নিয়ে একাধিক বৈঠক করেছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী বলেই সূত্রের খবর।
নয়াদিল্লি: ২০২৪ সালের জুলাই মাস৷ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই তৈরি হয়েছিল বিতর্ক৷ সেবার নীতি আয়োগের বৈঠকে তাঁর বক্তব্য শেষ হওয়ার আগেই তাঁর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন মমতা৷ দাবি করেছিলেন, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের যেখানে ১৫-২০ মিনিট বলতে দেওয়া হয়েছে, সেখানে একমাত্র তাঁর সঙ্গেই করা হয়েছিল এমন আচরণ৷ ঘটনার পরই ঝড়ের বেগে বৈঠক ত্যাগ করে বেরিয়ে এসেছিলেন মমতা৷ দু’বছর পরে ফের নীতি আয়োগ কাউন্সিলের বৈঠক৷ ২০২৬ সালের ১১ জুন৷ সেখানে আবারও যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ এবার শুভেন্দু অধিকারী৷
দু’বছর পর ফের নিতী আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে শেষবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বৈঠকে যোগ দিতে। মাইক বন্ধ করে দিয়ে তাঁকে পুরো বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করে বৈঠক মাঝপথেই ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বেরনোর সময় তিনি মন্তব্য করেছিলেন, “আর কখনও নীতি আয়োগের বৈঠকে আসব না৷”
নির্বাচনে হেরে তাঁর বৈঠকে আসার সেই সুযোগ হাতছাড়া হয়েছে। রাজ্যে এসেছে নতুন সরকার। নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে আজ, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হতে চলেছে সেই বৈঠক৷
প্রসঙ্গত, বিরোধী দলে থাকাকালীন বারবার বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলে সরব হয়েছিলেন। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলে বারবার সরব হয়েছিলেন।
সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে এবার ফোকাস উত্তরবঙ্গ। নীতি আয়োগের বৈঠকে এবার বিশেষ গুরুত্ব পেতে চলেছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখে তৈরি হয়েছে বিস্তারিত প্রস্তাব।
শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বড় শিক্ষা হাব তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। এইমস, আইআইএম ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো বড় প্রকল্পের সম্ভাবনা প্রস্তাব আকারে দেওয়া হবে।
উত্তরবঙ্গের আট জেলাকে উন্নয়নের মূল স্রোতে আনার লক্ষ্যেই এই পরিকল্পনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার উন্নয়নে জোর।
বৈঠকে শিল্প, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও আলাদা গুরুত্ব দেওয়া হতে পারে। সব মিলিয়ে নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে উত্তরবঙ্গকে ঘিরে বড় উন্নয়ন রূপরেখা তৈরি করছে রাজ্য।
