Last Updated:
রাহুলের মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হয়েছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়ে প্রাণ গেল অভিনেতার, সে নিয়ে প্রশ্ন উঠেছিল৷ এবার এই তদন্ত আরও দ্রুত গতিতে যেন হয়, সেই ব্যবস্থাই করা হচ্ছে৷
কলকাতা: AICWA এর দাবি নিরাপত্তা বিধি অমান্য করার ফলেই প্রাণ হারাতে হয়েছে রাহুলকে। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে শিল্পী-কলাকুশলীদের সঙ্গে এমনটা না ঘটে, তার জন্যে দৃষ্টান্তমূলক পদক্ষেপেরও আর্জি জানানো হয়েছে তাদের তরফে। সর্ব ভারতীয় সিনে সংগঠনের বক্তব্য, রাহুলের মৃত্যুর ন্যায়বিচার আর বিলম্বিত হওয়া উচিত নয়। সেই মর্মেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল AICWA। তার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর দফতরের তরফে ওড়িশা সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
২৯শে মার্চ ২০২৬-এ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোরগোল পড়ে যায় টলিউডে৷ তালসারিতে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়৷ এই নিয়ে ওঠে একাধিক প্রশ্ন৷ কীভাবে শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হতে পারে অভিনেতার, সেই প্রশ্ন উঠতে শুরু করে৷ এই নিয়ে অনেক দূর গড়ায় জল৷ সিরিয়ালের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ মূলত এই প্রযোজনা সংস্থার এক গুরুত্বপূর্ণ পদে জড়িত লীনা গঙ্গোপাধ্যায়৷ তাঁর বিরুদ্ধেও অভিযোগ ওঠে৷ শ্যুটিং চলাকালীন কেন সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না, আদৌ কি কোনও নিরাপত্তার ব্যবস্থা ছিল, সে নিয়েও প্রশ্ন উঠতে থাকে৷ ইতিমধ্যেই তালসারি থানায় আর্টিস্ট ফোরামের তরফে অভিযোগ দায়ের করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷ এবার এই দাবি নিয়েই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)৷
রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন টলিপাড়ার একাংশ। যাদের মধ্যে অন্যতম অভিনেতা এবং রাহুলের বন্ধু রুদ্রনীল ঘোষ ৷ ধোঁয়াশা-প্রশ্নের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন রুদ্রনীল ঘোষ। তাঁর দাবি, নিরাপত্তার গাফিলতিতেই মৃত্যু হয়েছে রাহুলের। রুদ্রনীল বলেছিলেন, ”গল্প ঘোরানো যাবে না। সত্যি চাপা যাবে না। যে শিল্পী অসতর্ক ছিল, তাই এটি হয়েছে, এটা বলা যাবে না।’’
ইতিমধ্যেই রাজ্যে পালাবদল হয়েছে৷ টলিউডেও সেই প্রভাব পড়েছে৷ এখন পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়ের উপর দায়িত্ব রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুনরায় গুছিয়ে নেওয়ার৷ বেশ কিছু পরিবর্তন হতে শুরু করেছে টলিউডে৷ এখন দেখা যাক কত তাড়াতাড়ি রাহুলের মৃত্যুর প্রকৃত সত্য সামনে আসে৷
Kolkata,West Bengal
