Last Updated:
হাতেগোণা যে কয়েকজন পুরনো এবং অভিজ্ঞ সাংসদ এখনও লোকসভায় তৃণমূলের সঙ্গে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এবার তাঁকে নিয়ে নতুন চাপে তৃণমূল৷
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার৷ কল্যাণের বিরুদ্ধে লোকসভার ভিতরে একাধিক মহিলা সাংসদের সঙ্গে অভব্যতা, অশালীন ভাষা প্রয়োগের অভিযোগে তুলে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন কাকলি। গত ১০ জুন কল্যাণের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে কাকলি এই চিঠি দিয়েছেন বলে খবর৷
গতকালই তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই দলে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ৷ বিক্ষুব্ধ সেই সাংসদদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ এবার কল্যাণকে সংসদ থেকে বরখাস্ত করতে উদ্যোগী হলেন তিনি৷
তৃণমূলের সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের দূরত্ব বাডা়র পরই তাঁকে আক্রমণ করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তখন কেন কাকলি সরব হননি, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ৷ পাশাপাশি সাংসদ হিসেবে রাজারহাট, নিউ টাউন এলাকায় কাকলির বিরুদ্ধে সিন্ডিকেট রাজ চালানোর মতো গুরুতর অভিযোগ করেছিলেন তিনি৷ নারদা কাণ্ডের প্রসঙ্গ তুলেও কাকলিকে খোঁচা দিয়েছিলেন কল্যাণ৷ কল্যাণের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে গত ২৮ মে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার৷
লোকসভায় তৃণমূল কংগ্রেসের মোট ২৮ জন সাংসদ ছিলেন৷ তাঁদের মধ্যে ২০ জনই বিদ্রোহী শিবিরে নাম লিখিয়ে এনসিপিআই দলে যোগ দিয়েছেন৷ আরও দু জন তৃণমূল সাংসদ তাঁদের সঙ্গে রয়েছেন বলে ইতিমধ্যেই দাবি করেছেন কাকলি৷ ফলে এমনিতেই লোকসভায় কোণঠাসা তৃণমূল৷ এর পর আবার মহিলা সাংসদের বিরুদ্ধে অভব্যতার মতো যে গুরুতর অভিযোগ এনে কাকলি কল্যাণের সাংসদ পদ কাড়ার দাবি জানালেন, তাতে আরও চাপে পড়বে তৃণমূল নেতৃত্ব৷
বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব হন কাকলি৷ তৃণমূলের সমস্ত দলীয় পদ ছেড়ে দলের তৎকালীন রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে লেখা চিঠিতেও নাম না করে কল্যাণের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ তুলেছিলেন কাকলি ঘোষ দস্তিদার৷ যদিও কাকলির চিঠির পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
Kolkata,West Bengal
